যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডাটা সেন্টার তৈরি করতে প্রয়োজনীয় হার্ডওয়্যার নকশা ও উৎপাদনে একসঙ্গে কাজ করবে ওপেনএআই ও তাইওয়ানের ইলেকট্রনিকস নির্মাতা ফক্সকন। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এ অংশীদারত্বের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো আরো শক্তিশালী করা। খবর এপি।
চুক্তির আওতায় একসঙ্গে এআই ডাটা সেন্টারের সার্ভার কাঠামো নকশা ও উন্নয়ন করবে ওপেনএআই ও ফক্সকন। ফক্সকন এনভিডিয়ার জন্য এআই সার্ভার তৈরি করে। প্রতিষ্ঠানটি আইফোনসহ অ্যাপলের বিভিন্ন পণ্য সংযোজনও করে।
নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে কারখানায় কেবলিং, নেটওয়ার্কিং ও পাওয়ার সিস্টেমসহ ডাটা সেন্টারের গুরুত্বপূর্ণ উপকরণ তৈরি করবে ফক্সকন। ওপেনএআই এসব পণ্যের ‘প্রাথমিক প্রবেশাধিকার’ পাবে। অর্থাৎ উৎপাদিত পণ্য আগে পরীক্ষা করতে পারবে। প্রয়োজন হলে সেগুলো কিনতেও পারবে।
ওহাইও ও টেক্সাসে ফক্সকনের কারখানা আছে। তবে উভয় কোম্পানির প্রাথমিক চুক্তিতে কোনো আর্থিক অঙ্গীকার বা বাধ্যতামূলক ক্রয়-প্রতিশ্রুতি নেই। ফক্সকন গত কয়েক বছরে ব্যবসায় বৈচিত্র্য আনতে বিদ্যুচ্চালিত যানবাহন তৈরিতে নেমেছে। পাশাপাশি তারা কয়েকটি ইলেকট্রনিকস কোম্পানিও অধিগ্রহণ করেছে।
ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ‘অংশীদারত্বটি যুক্তরাষ্ট্রে সমসাময়িক এআই প্রযুক্তি তৈরি নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা মনে করি, এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আরো শক্তিশালী হবে এবং এআইয়ের সুফল অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে।’
ওপেনএআই এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো গড়ে তুলতে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। কোম্পানিটি এনভিডিয়া ও এএমডির সঙ্গে কয়েকশ কোটি ডলারের অংশীদারত্ব করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা ব্রডকমের সঙ্গে নিজস্ব এআই চিপ নকশা ও উৎপাদনেরও কাজ চলছে।
তবে এত বড় বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আছে। বিশ্লেষকদের প্রশ্ন, প্রতিষ্ঠানটি কি এত ব্যয় পুনরুদ্ধার করে লাভজনক হতে পারবে?
স্যাম অল্টম্যান বলেন, ‘ওপেনএআই চলতি বছর ২ হাজার কোটি ডলারের বেশি বার্ষিক আয় করেছে। ২০৩০ সালের মধ্যে তাদের বার্ষিক আয় কয়েক হাজার কোটি ডলারে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে।’
এআইয়ের চাহিদা বাড়ায় ফক্সকনের ব্যবসাও দ্রুত বাড়ছে। এ বছর এখন পর্যন্ত তাইওয়ানে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট মুনাফা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬০ কোটি তাইওয়ান ডলারে (১৮০ কোটি ডলার)। ফক্সকন জানিয়েছে, এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এআই সার্ভারসহ ক্লাউড ও নেটওয়ার্কিং ব্যবসা।
ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ বলেন, ‘আমরা মনে করি এআই শিল্পের গুরুত্ব দ্রুত বাড়ছে। আগামী বছর এআই খাতের উন্নয়ন নিয়ে আমি খুবই আশাবাদী। বড় গ্রাহক ও অংশীদারদের সঙ্গে আমাদের সহযোগিতা আরো ঘনিষ্ঠ হবে বলে আশা করছি।’










