অনলাইনে অনুসন্ধান করার ক্ষেত্রে বহু বছর ধরে একক আধিপত্য রয়েছে সার্চ জায়ান্ট গুগলের। সময়ের সঙ্গে ‘গুগলিং’ কথাটি অনলাইনে কিছু খোঁজার সমার্থক শব্দ হয়ে ওঠে। এক দশকে বিশ্বের ৯০ শতাংশের বেশি অনুসন্ধান গুগল সার্চে করা হয়েছে। তবে গুগল সার্চের বৈশ্বিক বাজার হিস্যা গত ১০ বছরে প্রথমবারের মতো ২০২৪ সালের শেষ তিনটি মাসে নেমেছে ৯০ শতাংশের নিচে। খবর টাইমস অব ইন্ডিয়া।
স্ট্যাটকাউন্টার থেকে প্রাপ্ত তথ্যের বরাতে সার্চ ইঞ্জিন ল্যান্ড বলছে, ২০২৪ সালের শেষ তিন মাসের মধ্যে সার্চ বাজারে গুগলের হিস্যা অক্টোবরে ৮৯ দশমিক ৩৪, নভেম্বরে ৮৯ দশমিক ৯৯ ও ডিসেম্বরে ৮৯ দশমিক ৭৩ শতাংশে নেমেছে। এ পতনের ফলে কিছুটা লাভবান হয়েছে গুগলের প্রধান প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বিং। এ সময় সার্চ ইঞ্জিনটির ট্রাফিক সামান্য বেড়েছে। একই সঙ্গে পরিস্থিতির কারণে বাজারে নিজেদের হিস্যা বাড়ানোর সুযোগ পেয়েছে অন্যান্য প্রতিষ্ঠান, যেমন ইয়াহু ও ইয়ান্ডেক্স।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুগল এখনো বাজারের বিশাল একটি অংশ নিয়ন্ত্রণে রেখেছে। তবে টানা তিন মাস বাজার হিস্যা ৯০ শতাংশের ওপরে না ওঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে গত তিন মাসে গুগলের প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির মতো এআই টুল নয়, বরং ছিল ঐতিহ্যবাহী সার্চ ইঞ্জিনগুলো। বিং, ইয়ান্ডেক্স ও ইয়াহু ছিল এ পরিবর্তনের প্রধান সুবিধাভোগী, যদিও তাদের প্রবৃদ্ধি ছিল সামান্যই। তুলনা করলে ২০১৫ সালের জানুয়ারিতে গুগলের বাজার হিস্যা ছিল ৮৯ দশমিক ৬২, ফেব্রুয়ারিতে ৮৯ দশমিক ৪৭ ও মার্চে ৮৯ দশমিক ৫২ শতাংশ।
ডিসেম্বরে ৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে বিং ছিল দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। এ সময় ইয়ান্ডেক্স ও ইয়াহু! বাজার হিস্যায় সামান্য প্রবৃদ্ধি দেখেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, গুগলের পতন সত্ত্বেও এটি অন্যদের তুলনায় কয়েক গুণ বেশি হিস্যা নিয়ে বাজারে শীর্ষস্থানে আছে। যদিও অন্যদের সংখ্যা গুগলের তুলনায় অনেক কম, তবে এ সামান্য প্রবৃদ্ধি এটি নির্দেশ করছে যে ব্যবহারকারীরা এখন আরো বেশি বিকল্প সার্চ ইঞ্জিন ব্যবহার করার চেষ্টা করছে।
রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে, গুগলের সার্চ ইঞ্জিন বাজার গত বছরের শেষ তিন মাসে বিশ্বের বেশির ভাগ অঞ্চলে স্থির ছিল। এর মধ্যে বড় পতন দেখা যায় মূলত এশিয়ায়, যা সামগ্রিক হিস্যাকে প্রভাবিত করেছে। যদিও এর কারণ এখনো জানা যায়নি।
বিশ্বব্যাপী সার্চ বাজারে গুগলের হিস্যার অব্যাহত পতন কিছুটা উদ্বেগের কারণ হতে পারে, তবে এটি কোম্পানির জন্য কিছুটা ইতিবাচকও হতে পারে। কারণ গুগল বর্তমানে বাজারে একচেটিয়া ব্যবসার অভিযোগে বিশ্বের বিভিন্ন স্থানে একাধিক অ্যান্টি-ট্রাস্ট মামলা মোকাবেলা করছে। ফলে বাজার হিস্যা কমার খবর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সঙ্গে চলমান অ্যান্টি-ট্রাস্ট মামলায় গুগলের প্রতিরক্ষা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। গত আগস্টে অনলাইন সার্চ মার্কেটে অ্যালফাবেট ইনকরপোরেটেড মালিকানাধীন গুগল অবৈধভাবে একচেটিয়া আধিপত্য তৈরি করেছে বলে অ্যান্টি-ট্রাস্ট মামলায় রায় দেন যুক্তরাষ্ট্রের এক জেলা জজ।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে গুগলের বাজার হিস্যায় একই ধরনের পতন দেখা যায়, কিন্তু পরে ডাটা-সংক্রান্ত ভুল হিসেবে চিহ্নিত হয়। তবে ২০২৪ সালের শেষ তিন মাসে ধারাবাহিকভাবে হিস্যা নিম্নমুখী থাকা প্রমাণ করে যে ব্যবহারকারীদের আচরণে সত্যি পরিবর্তন এসেছে, যদিও নির্দিষ্ট কারণগুলো এখনো স্পষ্ট নয়।










