কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদায় গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্যামসাং ইলেকট্রনিকসের পরিচালন মুনাফা বেড়ে দাঁড়িয়েছে তিন গুণের বেশিতে। বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, চাহিদার তুলনায় চিপ সরবরাহ কম থাকায় বাজারে দামের ঊর্ধ্বগতি কোম্পানিটিকে বিশাল পরিমাণ আয়ের সুযোগ করে দিয়েছে। খবর নিক্কেই এশিয়া।
দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটির গতকাল প্রকাশিত আয়ের পূর্বাভাস থেকে জানা যায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২০৮ শতাংশ বেড়েছে। এ সময়ে কোম্পানিটি ২০ ট্রিলিয়ন ওন (প্রায় ১৪ বিলিয়ন ডলার) মুনাফা অর্জন করেছে। ২০২৪ সালের শেষ প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা ছিল ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ওন।
আয়ের ক্ষেত্রেও বড় চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের একই প্রান্তিকের তুলনায় স্যামসাংয়ের মোট আয় ২২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৩ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। মূলত বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর বা চিপের সংকট এবং চড়া দামের কারণেই স্যামসাংয়ের ব্যবসায় অভাবনীয় প্রবৃদ্ধি দেখা দিয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
শুধু শেষ প্রান্তিক নয়, পুরো বছরের হিসাবেই বড় প্রবৃদ্ধির দেখা পেয়েছে স্যামসাং। ২০২৫ সালের সার্বিক হিসাবে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ৩৩ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৫ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানির মোট আয়ের পরিমাণ ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ দশমিক ৮ ট্রিলিয়ন ওনে।
প্রতিবেদন অনুযায়ী, ত্রৈমাসিক হিসাবেও স্যামসাংয়ের অগ্রযাত্রা ছিল লক্ষণীয়। আগের প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির মুনাফা বেড়েছে ৬৪ দশমিক ৩ ও আয় বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ। স্যামসাং জানিয়েছে, কোন খাতে কত আয় ও ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ম্যাকয়ার রিসার্চ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, আয়ের গতি এবং বাজার মূল্যায়ন বিবেচনায় পুরো এআই সাপ্লাই চেইনে স্যামসাংয়ের তুলনায় ভালো কোনো বিকল্প নেই।
এআই কম্পিউটিংয়ের জন্য অপরিহার্য হাই-ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) চিপ তৈরিতে প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সকে ছাড়িয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগের কো-সিইও জুন ইয়ং-হিউন।
শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান মেমোরি সরবরাহকারী হিসেবে এতকাল একক আধিপত্য বজায় রেখেছে এসকে হাইনিক্স। তবে গত বছর স্যামসাংও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটিকে উন্নত এইচবিএম৩ই চিপ সরবরাহ করতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার বিশাল চাহিদাকে কাজে লাগিয়ে স্যামসাং বিশ্ববাজারে বড় হিস্যা হাতিয়ে নিতে সক্ষম হবে।










