টেলিভিশনের বড় পর্দায় এবার রিলস দেখার সুযোগ আনছে ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিওকে কেন্দ্র করে আলাদা একটি টিভি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে মেটা। খবর দ্য হলিউড রিপোর্টার।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। অনেক ব্যবহারকারী বড় পর্দায় একসঙ্গে বসে রিলস দেখার আগ্রহ প্রকাশ করায় টিভির জন্য আলাদা অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। নতুন অ্যাপের মাধ্যমে পরিবার বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে রিলস দেখার সুযোগ তৈরি হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
টিভি অ্যাপটি অ্যান্ড্রয়েড বা আইওএসের সাধারণ ইনস্টাগ্রাম অ্যাপের মতো নয়। লগইন করার পর ব্যবহারকারীরা আগ্রহভিত্তিক আলাদা চ্যানেলে সাজানো রিলস দেখতে পারবেন। নতুন গান, খেলাধুলার গুরুত্বপূর্ণ মুহূর্ত, ভ্রমণ কিংবা আলোচিত বিভিন্ন বিষয় অনুযায়ী কনটেন্ট ভাগ করা থাকবে। এতে পছন্দের রিলস খুঁজে পাওয়া সহজ হবে এবং নতুন কনটেন্ট দেখার সুযোগ বাড়বে।
অ্যাপটির হোম স্ক্রিনে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে বিভিন্ন ভিডিওর ছোট ছোট ছবি সাজানো থাকবে। কোনো একটি ছবিতে ক্লিক করলে তা পর্দাজুড়ে লম্বালম্বি ভিডিও হিসেবে চালু হবে। ভিডিওর দুই পাশে ক্যাপশন ও লাইকসহ অন্যান্য তথ্য দেখা যাবে। পরবর্তী রিলস দেখতে স্ক্রল করার সুবিধাও রাখা হয়েছে।
ইনস্টাগ্রাম ফর টিভি অ্যাপে সর্বোচ্চ পাঁচটি আলাদা অ্যাকাউন্ট যোগ করা যাবে। এতে পরিবারের একাধিক সদস্য নিজ নিজ পছন্দ অনুযায়ী রিলস দেখতে পারবেন। চাইলে শুধু টিভির জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার সুযোগও থাকবে। সার্চ অপশনের মাধ্যমে নির্দিষ্ট নির্মাতা খোঁজা এবং প্রোফাইল ঘেঁটে দেখার সুবিধাও যোগ করা হয়েছে।
অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রে অ্যামাজন ফায়ার টিভি ডিভাইসে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর ধাপে ধাপে অন্যান্য ডিভাইস ও অঞ্চলে অ্যাপটি চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ফোনকে রিমোট হিসেবে ব্যবহার কিংবা বন্ধুদের সঙ্গে শেয়ার করা ফিডের মতো নতুন সুবিধা যোগ করার কথাও ভাবছে ইনস্টাগ্রাম।










