মানুষের মতো সাধারণ বুদ্ধি ও বিচারক্ষমতা থাকা এআইকে বলা হয় আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)। এজিআই শুধু নির্দিষ্ট কাজ নয়, বরং মানুষের মতো নানা ধরনের সমস্যা বুঝে সমাধান করতে পারে। তবে এজিআইয়ের বিকাশে মানুষের টাইপিং গতি বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের কোডেক্স বিভাগের প্রধান। খবর ইন্ডিয়া টুডে।
ওপেনএআইয়ের বিশেষজ্ঞ আলেকজান্ডার এম্বিরিকোস মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত এগোলেও এখনো এআইকে মানুষের মতো চিন্তা ও যুক্তি ব্যবহার করতে সক্ষম করা সম্ভব হয়নি। কারণ আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের টাইপিং গতি।
এক পডকাস্টে সম্প্রতি তিনি বলেন, ‘বর্তমান এআই-ভিত্তিক কাজের প্রক্রিয়ায় মানুষকে প্রম্পট লিখতে এবং আউটপুট যাচাই করতে হয়। এটি এজিআইয়ের অগ্রগতিকে ধীর করছে।’
সমস্যা সমাধানের ক্ষেত্রে এম্বিরিকোস মনে করেন, মানুষের কাজ কমানো জরুরি। এআইকে এমনভাবে তৈরি করতে হবে যেন এজেন্ট নিজেই কাজ করতে ও যাচাই করতে পারে। এটি উৎপাদনশীলতা বাড়াবে।
যদিও পুরোপুরি স্বয়ংক্রিয় প্রক্রিয়া সব ক্ষেত্রে এক রকম হবে না, এম্বিরিকোস আশাবাদী যে শিগগিরই প্রথম ফলাফল দেখা যাবে। এক্ষেত্রে প্রথমে ছোট প্রতিষ্ঠানগুলো বড় সুবিধা পাবে, তারপর বড় কোম্পানিগুলোও দ্রুত এগোবে।
তার ভাষ্য, পরবর্তী প্রজন্মের বড় অগ্রগতি কেবল এআই মডেলের গতির ওপর নয়, বরং এমন এআইয়ের ওপর নির্ভর করবে যা মানুষের ওপর কম নির্ভরশীল এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এটি ভবিষ্যতে এজিআইয়ের পথে সহায়ক হবে।










