চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ে বড় অংকের বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সম্ভাব্য এ চুক্তি সম্পন্ন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সম্পদ মূল্য ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার ছাড়াতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র। খবর রয়টার্স।

সূত্রের মতে, ওপেনএআইতে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে পারে অ্যামাজন। তবে দুই প্রতিষ্ঠানের আলোচনা এখনো চূড়ান্ত হয়নি, ফলে যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

এনভিডিয়া ও ওরাকলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান চলতি বছর ওপেনএআইয়ের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের এআই চুক্তি করেছে। পাশাপাশি নভেম্বরে অ্যামাজনের কাছ থেকে ক্লাউড সেবা কিনতে ৩৮ বিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছে ওপেনএআই। তবে বিপুল অংকের এসব বিনিয়োগের পরও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা পর্যবেক্ষণ করছেন, ভবিষ্যতে এআইয়ের প্রতি আগ্রহ বা ব্যবহার কমে যায় কিনা এবং বিশাল ব্যয় কোম্পানিগুলোকে সত্যিই প্রত্যাশিত লাভ বা সুফল দিচ্ছে কিনা।

ওপেনএআই ও অ্যামাজন এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি।

তবে আলোচনার বিষয়টি প্রথম প্রকাশ করা দি ইনফরমেশন জানিয়েছে, ওপেনএআই অ্যামাজনের ট্রেনিয়াম চিপ ব্যবহারের পরিকল্পনা করছে। এটি এনভিডিয়া ও গুগলের চিপের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। আরো জানা যায়, অ্যামাজনের অর্থায়নের ফলে অন্য বিনিয়োগকারীদের নিয়ে আরো বড় তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই অ্যামাজনের কাছে চ্যাটজিপিটির একটি এন্টারপ্রাইজ সংস্করণ বিক্রির পরিকল্পনাও করছে। তবে চুক্তি হলেও অ্যামাজনের অ্যাপে থাকা বা ভবিষ্যতে যোগ হওয়া শপিংসংক্রান্ত সুবিধাগুলো চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করা হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্ত বা তথ্য পাওয়া যায়নি।