প্রতিবার নতুন প্রযুক্তি আনার পাশাপাশি কিছু পুরনো পণ্য বাজার থেকে সরিয়ে নেয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ২০২৫ সালেও তেমনই নতুন কিছু ডিভাইস বাজারে এনেছে কোম্পানিটি, যেমন অ্যারপডস প্রো ৩ ও আইফোন ১৭। অন্যদিকে ১৪টি পণ্য বাজার থেকে সরিয়েছে, যাতে নতুন প্রযুক্তি ও উন্নত ফিচারের জায়গা তৈরি করতে পারে। এ বছর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, ম্যাকবুক, ম্যাক স্টুডিও ও এয়ারপডসের সিরিজে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ার অবলম্বনে এখানে অ্যাপলের সরিয়ে নেয়া ১৪টি পণ্য নিয়ে আলোচনা করা হলো—
আইফোন লাইনে বড় পরিবর্তন
২০২৫ সালে অ্যাপল পাঁচটি আইফোন মডেল বন্ধ করেছে। এর মধ্যে ছিল আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। এ মডেলগুলো বড় ৬ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে, বড় ব্যাটারি ও ৬-কোর জিপিইউসহ এ১৮ প্রো চিপের জন্য জনপ্রিয় ছিল। নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে আসার পর এ প্রো মডেলগুলো প্রতিস্থাপিত হয়েছে। এর সঙ্গে অ্যাপল তার পুরনো আইফোন প্লাস লাইনও বন্ধ করেছে। এ মডেলগুলো বড় ডিসপ্লে দেয়ার পাশাপাশি তুলনামূলক সস্তা মূল্যে পাওয়া যেত। নতুন আইফোন ১৭ এয়ার এ লাইনকে প্রতিস্থাপন করেছে। এটি পাতলা ও হালকা ডিজাইনের, যদিও পারফরম্যান্স কিছুটা কমেছে।
বন্ধ আইপ্যাড ১০
২০২২ সালে বাজারে আসা আইপ্যাড ১০-এর উৎপাদন এবার বন্ধ হলো। এটি এ১৪ বায়োনিক চিপ, ২৩৬০ বাই১৬৪০ রেজল্যুশনের লিকুইড রেটিনা ডিসপ্লে ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে বাজারে আসে। নতুন আইপ্যাড ১১ এ১৬ চিপ ব্যবহার করায় এর গেমিং ও সিপিইউ-ভিত্তিক কাজের পারফরম্যান্স অনেক উন্নত। ব্যাটারিও সামান্য দীর্ঘস্থায়ী হয়েছে এবং অ্যাপল ইন্টেলিজেনস সাপোর্ট এসেছে। তবে ডিজাইন ও রঙের ক্ষেত্রে আইপ্যাড ১০ ও ১১ প্রায় একই রকম।
অ্যাপল ওয়াচে নতুন সংস্করণ
কিছু অ্যাপল ওয়াচ মডেলেরও এ বছর অবসান হয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ ১০ বন্ধ করে সিরিজ ১১ আনা হয়েছে, যা নতুন আইওন-এক্স কাচ, সেরা ব্যাটারি লাইফ, ফাইভজি সংযোগ সুবিধা ও স্ক্র্যাচ প্রতিরোধী কাভারিংসহ এসেছে। এছাড়া অ্যাপল ওয়াচ এসই ২ বন্ধ করে এসই ৩ বাজারে এসেছে। ২০২৩ সালে চালু হওয়া অ্যাপল ওয়াচ আল্ট্রা ২-এর জায়গায় এসেছে আল্ট্রা ৩। নতুন মডেলটিতে দ্রুততর এস১০ চিপ, বড় ও উজ্জ্বল ডিসপ্লে, উন্নত ব্যাটারি, ফাইভজি সাপোর্ট ও দ্রুত চার্জিং সুবিধা রয়েছে।
ম্যাকবুক এয়ার ও ম্যাক স্টুডিও
ম্যাকবুক এয়ারের এম২ ও এম৩ চিপযুক্ত দুটি মডেলেরও অবসান হয়েছে, নতুন এম৪ মডেল বাজারে আসার পর। একই দিনে দুটি ম্যাক স্টুডিও মডেলও বাজারে সরবরাহ বন্ধ করে দেয়া হয়। নতুন মডেলগুলো পারফরম্যান্সে উন্নত এবং উৎপাদন খরচ কম। তাই পুরনো মডেলগুলো অব্যবহারযোগ্য হয়ে পড়েছে বলে দাবি অ্যাপল-সংশ্লিষ্টদের।
এয়ারপডস প্রো ২-এর অবসান
এয়ারপডস প্রো ২-কে প্রতিস্থাপন করেছে এয়ারপডস প্রো ৩। নতুন মডেলটি ২৪৯ ডলার দামেই এসেছে, তবে এতে উন্নত নয়েজ ক্যানসেলেশন, বেশি ব্যাটারি লাইফ, ফোম-ইনফিউজড ইয়ারটিপ ও লাইভ ট্রান্সলেশন ফিচার যুক্ত করা হয়েছে। তবে কিছু ব্যবহারকারী নতুন মডেল ব্যবহার করার সময় কানে সমস্যা হওয়ার খবর দিয়েছে, যদিও অ্যাপল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
২০২৫ সালে এ ১৪ প্রডাক্টের উৎপাদন বন্ধ করে অ্যাপল তার পণ্য লাইন আপডেট ও আধুনিক প্রযুক্তি বজায় রাখছে। গ্রাহকরা এখন নতুন ডিভাইসের মাধ্যমে উন্নত পারফরম্যান্স ও নতুন ফিচারের সুবিধা পাবেন।










