নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপল আইফোন এয়ার২ বাজারে আনতে পারবে না বলে গুঞ্জন উঠে ছিল প্রযুক্তি খাতের পর্যবেক্ষকদের মধ্যে। যদিও এবার চীনা একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ২০২৬ সালের সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে আইফোন এয়ার২। খবর গিজচায়না।
সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপল দ্বিতীয় প্রজন্মের পাতলা ফোনটির উন্মোচন ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। এর পেছনে যুক্তি ছিল প্রথম ‘এয়ার’ মডেলটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। সেই সঙ্গে এর নকশার ত্রুটি সংশোধনে প্রকৌশলীদের আরো সময়ের প্রয়োজন।
তবে চীনের জনপ্রিয় উইবো টিপস্টার ‘ফিক্সড ফোকাস ডিজিটাল’ দাবি করছে, ২০২৬ সালের সেপ্টেম্বরেই আইফোন এয়ার২-এর উন্মোচন নিশ্চিত। সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, অ্যাপল নিজেদের পূর্ব পরিকল্পনায়ই অটল থাকছে। সেক্ষেত্রে আইফোন ১৮ প্রো ও বহুল আলোচিত আইফোন ফোল্ডের পাশাপাশি ‘এয়ার২’-কে একটি বিকল্প হিসেবে বাজারে আনতে পারে অ্যাপল।
আইফোন এয়ার দেখতে আকর্ষণীয় হলেও ব্যবহারিক দিক থেকে এটি অনেকের মন জয় করতে পারেনি। ফোনটি দ্রুত গরম হয়ে যেত। এছাড়া একক রিয়ার ক্যামেরা অনেক গ্রাহকের কাছেই সেকেলে মনে হয়েছিল। সীমাবদ্ধতা কাটাতে অ্যাপল এবার বড় পরিবর্তনের পথে হাঁটছে।
এয়ার২-তে অ্যাপল এবার কুলিং সিস্টেমকে গুরুত্ব দিচ্ছে। এয়ার২ ডিভাইসটি ‘ভেপার চেম্বার কুলিং’ প্রযুক্তি ব্যবহার করা হবে বলা ধারণা করা হচ্ছে, যা সাধারণত গেমিং পিসি বা শক্তিশালী ডিভাইসে ব্যবহার করা হয়।
থার্মাল ম্যানেজমেন্টের বাইরে বড় পরিবর্তন আসছে ফোনের ক্যামেরায়। প্রিমিয়াম দামে ডুয়াল-ক্যামেরা সিস্টেম থাকছে এ স্মার্টফোনে, যা গ্রাহকদের জন্য বড় সুখবর।
সেপ্টেম্বরের বড় চমকের অপেক্ষায় থাকলেও এর আগে আইফোন ১৭ই নিয়ে উত্তেজনা বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে ব্যাপক হারে উৎপাদন পর্যায়ে প্রবেশ করেছে। ২০২৬ সালের মার্চে এটি বাজারে আসা প্রায় নিশ্চিত বলে ধরে নেয়া যাচ্ছে। বাজার ধরে রাখার একটি কৌশল হিসেবে অ্যাপল উচ্চমূল্যের ফোল্ডেবল বা আল্ট্রা-থিন ডিজাইনের পরীক্ষা-নিরীক্ষার মাঝে একটি শক্তিশালী মিড-রেঞ্জ উন্মোচন করছে।










