নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী গ্যালারিতে থাকা যেকোনো ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ফিচারটি স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট ‘ওয়ান ইউআই ৮.০’-এর সঙ্গে চালু হতে পারে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

বিশ্লেষকরা ধারণা করছেন, নতুন টুলটি স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এআই’ ফিচারের অংশ হবে। এটি দিয়ে স্মার্টফোনে থাকা যেকোনো ছবি থেকে সহজেই ছোট ভিডিও তৈরি করা যাবে। ফিচারটির বিস্তারিত এখনো জানা যায়নি। তবে ছবিতে হালকা অ্যানিমেশন যোগ করে ভিডিওর অভিজ্ঞতা দেয়া হতে পারে।

‘পান্ডাফ্ল্যাশ’ নামে এক টিপস্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, স্যামসাং ভবিষ্যতের স্মার্টফোনের জন্য এ প্রযুক্তি নিয়ে কাজ করছে। যদিও এতে ব্যবহৃত এআই মডেল সম্পর্কে কিছু বলা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, গুগলের ভিডিও জেনারেশন মডেল ‘ভিইও টু’ এতে যুক্ত হতে পারে।

এদিকে ‘অনর ৪০০’ সিরিজের স্মার্টফোনে একই ধরনের একটি ফিচার আনছে চীনা প্রতিষ্ঠান অনর। এতে গুগলের ভিইও টু এআই মডেল ব্যবহার করে ছবির ভিত্তিতে পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। এছাড়া টিকটকও ‘এআই অ্যালাইভ’ নামে একটি অনুরূপ ফিচার চালুর কথা জানিয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এসব ফিচার আসলে পুরোপুরি নতুন ভিডিও তৈরি করে না। শুধু ছবিতে চোখের পাতা নড়ানো, মুখে হাসি বা পটভূমিতে হালকা গতি যোগ করে ভিডিওর মতো একটি অনুভব তৈরি করে।