হেডফোন পরিহিত অবস্থায় অন্য ভাষার কথা রিয়াল টাইমে অনুবাদ করে শোনাবে গুগল ট্রান্সলেট। পরিষেবাটির বিটা সংস্করণে সম্প্রতি এ ফিচার চালু হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

গুগল বলছে, নতুন হেডফোন রিয়াল টাইম অনুবাদ সুবিধা প্রতিটি বক্তার সুর ও কথার ছন্দ বজায় রাখে। ফলে কথোপকথন ও কে কী বলছে, তা বোঝা সহজ হয়। মূলত এটি যেকোনো হেডফোনকে রিয়াল টাইম একমুখী অনুবাদ ডিভাইসে রূপান্তর করে।

গুগলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন, আপনি চাইলে ভিন্ন ভাষায় কথোপকথন করতে, বিদেশে বক্তৃতা বা লেকচার শুনতে কিংবা অন্য ভাষার টিভি শো বা সিনেমা দেখতে হেডফোন ব্যবহার করে ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ ট্যাপ করলে নিজের পছন্দের ভাষায় রিয়াল-টাইম অনুবাদ শুনতে পারবেন।

ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতের অ্যান্ড্রয়েড ট্রান্সলেট অ্যাপে চালু হচ্ছে। এটি যেকোনো হেডফোনের সঙ্গে কাজ করে এবং ৭০টিরও বেশি ভাষা সমর্থন করে।

গুগল পরিকল্পনা করছে ২০২৬ সালে এ সুবিধা আইওএস ও আরো দেশে আনা হবে।