যুক্তরাষ্ট্রে দুই রাজনৈতিক দলের সিনেটররা একটি বিল উত্থাপন করেছেন। বিলটির লক্ষ্য হলো, এনভিডিয়া ও এএমডির উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ চীনে বিক্রি শিথিলের সম্ভাবনা আটকে দেয়া। এতে চীনে উন্নত চিপ রফতানির নিয়ম আগের মতোই কঠোর রাখার প্রস্তাব করা হয়েছে। খবর রয়টার্স।

রিপাবলিকান সিনেটর পিট রিকেটস ও ডেমোক্র্যাট ক্রিস কুনস ‘সেফ চিপস অ্যাক্ট’ নামে বিলটি উত্থাপন করেন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় আগামী ৩০ মাস চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ায় উন্নত মার্কিন এআই চিপ পাঠানোর কোনো লাইসেন্স দিতে পারবে না।

৩০ মাস পর মন্ত্রণালয় যেকোনো নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিলে কার্যকর হওয়ার এক মাস আগে কংগ্রেসকে জানাতে হবে। বিলটি উত্থাপনে আরো যুক্ত রয়েছেন রিপাবলিকান ডেভ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট জিন শাহিন ও অ্যান্ডি কিম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সীমিত আকারে রফতানি বিধিনিষেধ শিথিলের কথা ভাবছে। কিন্তু ট্রাম্প রিপাবলিকান হলেও তার দলেই কিছু সিনেটর এ শিথিলতা ঠেকাতে বিল উত্থাপন করেছেন।

সিনেটর রিকেটস বলেন, ‘বেইজিংকে যুক্তরাষ্ট্রে তৈরি সবচেয়ে উন্নত এআই চিপের নাগাল না দেয়া জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এনভিডিয়ার উন্নত এইচ২০০ এআই চিপ চীনে বিক্রির অনুমতি দেয়ার ব্যাপারে ভাবছে। ওয়াশিংটনের চীন নীতিতে কঠোর অবস্থান গ্রহণকারীদের অনেকেই মনে করেন, বেইজিং এ উন্নত চিপ সামরিক খাতে ব্যবহার করতে পারে। এগুলো দিয়ে এআই-নির্ভর অস্ত্র বা নজরদারি প্রযুক্তি আরো শক্তিশালী হতে পারে।

দুষ্প্রাপ্য খনিজের রফতানিতে চীনের নতুন নিয়ন্ত্রণের জবাবে ট্রাম্প প্রশাসন প্রথমে এনভিডিয়ার এইচ২০ চিপের ওপর বিধিনিষেধ বাড়ায়। পরে আবার সেই নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন হাউজ চায়না সিলেক্ট কমিটির চেয়ারম্যান রিপাবলিকান জন মুলেনার। এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী এএমডিও চীনে চিপ বিক্রির অনুমতি পেতে আগ্রহী।

মার্কিন থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা গ্রেগ অ্যালেন বলেন, ‘বিলটি দ্রুত পাস করা দরকার। চীন দ্রুতই মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চাইবে। যুক্তরাষ্ট্র তা ঠেকাতে পারবে না। তাই প্রশ্ন হলো, আমরা নিজেরাই চীনের এ প্রক্রিয়াকে আরো সহজ করে দেব কিনা?’