অ্যাপল তাদের সাবেক এক কর্মীর বিরুদ্ধে অ্যাপল ওয়াচ প্রযুক্তির বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে মামলা করেছে। অভিযোগ উঠেছে, ওই কর্মী নতুন চাকরিতে যোগ দেয়ার আগে পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ নথি ডাউনলোড করে প্রতিদ্বন্দ্বী চীনা প্রতিষ্ঠান অপোর হাতে তুলে দেন। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। খবর দ্য ভার্জ।
মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের মামলায় বলা হয়েছে, তাদের সাবেক কর্মী ড. চেন শি সেন্সর সিস্টেম আর্কিটেক্ট হিসেবে কাজ করতেন। চাকরি ছাড়ার আগে তিনি অ্যাপল ওয়াচ দলের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় তিনি সংস্থার ‘প্রটেকটেড বক্স ফোল্ডার’ থেকে ৬৩টি নথি ডাউনলোড করে ইউএসবি ড্রাইভে সংরক্ষণ করেন। পাশাপাশি সহকর্মীদের কাছ থেকেও যতটা সম্ভব তথ্য সংগ্রহের চেষ্টা করেন। পরে অপোকে বার্তা পাঠিয়ে জানান, যোগদানের আগে তিনি তথ্য সংগ্রহ করছেন।
অ্যাপলের অভিযোগ, চাকরি ছাড়ার আগে শি তার অফিসের ম্যাকবুকে সার্চ করেন, ‘কীভাবে ম্যাকবুকের ডাটা মুছে ফেলা যায়’ এবং ‘শেয়ারড ড্রাইভে ফাইল খোলার বিষয়টি কেউ দেখতে পারে কিনা।’ এর মাধ্যমে তিনি তথ্য গোপন রাখার চেষ্টা করেন।
অ্যাপল জানিয়েছে, শির কাছে তাদের গোপন সেন্সর প্রযুক্তি, বিশেষ করে ইসিজি সেন্সরের নকশা ও উন্নয়ন পরিকল্পনার সরাসরি অ্যাকসেস ছিল।
পরে জানা যায়, শি বর্তমানে অপোতে সেন্সিং প্রযুক্তি নিয়ে কাজ করা একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। অ্যাপলের দাবি, গোপন তথ্য সংগ্রহ ও কর্মস্থল পরিবর্তনের বিষয়ে অপোর অনুমোদন ছিল। তার হাতে থাকা শিরোনামবিহীন আইফোনে পাওয়া বার্তায়ও এর প্রমাণ মিলেছে। যদিও পদত্যাগপত্রে তিনি লিখেছিলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে চাকরি ছাড়ছেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে অপোর ই-মেইল বক্স পূর্ণ থাকায় বার্তা ফেরত আসে। তবে অপো এ অভিযোগের জবাবে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে অপো অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কোনো বাণিজ্যিক গোপন তথ্য কাজে লাগায়নি। একই সঙ্গে তারা আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে বলেও নিশ্চিত করেছে।
এছাড়া অপো আরো দাবি করেছে, তাদের অনুসন্ধানে ওই কর্মচারীর বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় কাজের প্রমাণ পাওয়া যায়নি।










