ভালোবাসা হোক হিসাবের বাটখারা

অশেষ হোক অসীম স্নেহের ধারা।

ইচ্ছেপাত্র কানায় কানায় পূর্ণ

তোমাতে বাঁচুক হেসে ওঠা তারুণ্য।

স্বপ্নপথের উঁচু নিচু ধাপগুলো

তোমার চলার পথে হোক নতজানু।

চিরযৌবনের সাথে হোক তোমার বাস।

 

তুমি বেঁচে থাকো চিরনতুনের মতো

আলোর অমল কমলখানির মতো

সত্যান্বেষী সংশপ্তকের মতো

সত্য-আলোয় গাঁথা এক মঙ্গলসূত্রের মতো

স্নিগ্ধ থেকো চিরসবুজের মতো।

 

হাত দু’খানি পূর্ণ থাকুক তোমার

দৃপ্ত পায়ের ছন্দ জাগুক পথে।

পাগলা হাওয়া ভাঙতে যদি আসে

 

শক্ত ভিতের শক্তি হয়ে উড়িয়ে দিও তাকে।

 

হূৎ-আকাশ হোক আনন্দধাম পূর্ণ চাঁদের মায়ায়

তোমার সুর হোক জীবনের গান সবুজ রঙা ছায়ায়।

তুমি জেগে থেকো চিরতারুণ্যের মাঝে।