ইরাকে চলমান এশিয়ান আর্চারিতে তৃতীয় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। গতকাল কম্পাউন্ড নারী এককে স্বর্ণ জিতে নেন বন্যা আক্তার। ইরাকের সোলাইমানিয়াতে গতকাল কাজাখস্তানের বারলেভা মিলানার বিপক্ষে ১৪৫-১৪৩ স্কোরে জিতেছেন তিনি।
প্রথম সেট ২৮-২৮ পয়েন্টের সমতায় শেষের পর দ্বিতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে জয় পান বন্যা। পরের দুই সেটও শেষ হয় ২৯-২৯, ২৯-২৯ সমতায়। সব মিলিয়ে ১১৫-১১৪ ব্যবধানে এগিয়ে থেকে স্বর্ণ জিতে নেন তিনি।
গতকাল রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। এদিন মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে কাজাখস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে ব্রোঞ্জ পান শ্যামলী রায়, সীমা আক্তার সিমু ও সাইমাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। আগের দিন কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম স্বর্ণ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।
গতকাল রিকার্ভ নারী এককের ফাইনালে ইরানের ফাল্লাহ মোবিনার বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের সাইমা সালাহ উদ্দিন। তিনটি করে স্বর্ণ ও রৌপ্য পদক এবং চারটি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতে এ প্রতিযোগিতা শেষ করেছে বাংলাদেশ।









