বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার মাঠে খেলতে নেমে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিন গোল দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না আসায় তিন গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নেয় ব্রাজিল। তাই আজ হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে মরক্কোকে টপকে যাওয়ার লক্ষ্য ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের। এর প্রমাণ মেলে খেলার শুরু ত্থেকেই। প্রথমার্ধেই মাতেউস কুনহার জোড়া এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধের দুদলের কেউ গোল না পেলেও এ ব্যবধানে ভর করেই মরক্কোকে টপকে গ্রুপ ‘সি’র টেবিলের শীর্ষস্থান দখলে নেয় ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল কুনহা-ভিনিসিয়ুসদের দখলে। চতুর্থ মিনিটে ডগলাস সান্তোসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হাইতির কার্লেন্স আর্কুস। এটি ছিল এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম হলুদ কার্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে রাফিনহা বল জালে পাঠালেও অফসাইডের কারণে সে গোল বাতিল হয়। এর মধ্যেই ব্রাজিলের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেয় হাইতির ডিফেন্ডাররা।
ম্যাচের ২৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গিমারায়েসের পাস থেকে শট নেন ভিনিসিয়ুস। বলটি প্রথমে হাইতিয়ান ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে। পরে কুনহার শরীরে লেগে জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথম গোলের পর আবারো আক্রমণে যায় ব্রাজিল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। মাঝমাঠে বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠেন ভিনিসিয়ুস। তার দেয়া নিখুঁত পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন কুনহা। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লুকাস পাকেতার অসাধারণ পাস থেকে তৃতীয় গোলটি করেন ভিনি। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে মাঠের নিয়ন্ত্রণ নেয়ার আপ্রাণ চেষ্টা করে হাইতি। মাঠে আসেন উইলসন ইসিদর ও ডোমিনিক সিমন। প্রথমার্ধের ডিফেন্সিভ খেলা বদলে আক্রমণে যায় দলটি। ম্যাচের ৬৪ মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচে ব্রাজিল। ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে। ৮২ মিনিটে মার্তিনেল্লির পাস থেকে এন্ড্রিক সুযোগ পেলেও তা প্রতিহত করে হাইতির ডিফেন্স। এরপর দুদলই বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা করলেও আর কোনো গোল আসেনি।
এ জয়ে দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে।













