বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত আজ বাংলাদেশ সময় সকালের ম্যাচে দীর্ঘ সময় গোলের জন্য অপেক্ষা করতে হয়। তবে শেষ পর্যন্ত ড্যানিয়েল মুনিয়সের গোলে জয় তুলে নেয় নেস্তর লরেনসোর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। ষষ্ঠ মিনিটেই মুনিয়স বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এর আগে জন আরিয়াসের শট ঠেকিয়ে দেন ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি, আর ফিরতি বলে মুনিয়সের শট পোস্টে লাগে।
প্রথমার্ধে এমপাসি একের পর এক দুর্দান্ত সেভ করে লুইস দিয়াজ, হামেস রদ্রিগেস ও গুস্তাভো পুয়ের্তার প্রচেষ্টা রুখে দেন। বিরতির পরও একই দৃশ্য দেখা যায়। ৫০তম মিনিটে দিয়াজের শট পায়ে ঠেকিয়ে ফের দলকে বাঁচান তিনি, যদিও ফিরতি বলে আরিয়াস লক্ষ্যভ্রষ্ট হন।
অবশেষে ৭৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় কলম্বিয়া। হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর পাস ছেড়ে দেন জন কর্দোবা, আর সেই বল পেয়ে মুনিয়সের নেয়া শট স্টিভ কাপুয়াদির গায়ে লেগে জালে জড়ায়।
শেষ দিকে নাটকীয়তা আরো বাড়ে। লুইস দিয়াজ দুবার বল জালে পাঠালেও একটি ফাউল ও অন্যটি অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে যোগ করা সময়ে নাথানায়েল এমবুকুর দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। শেষ ম্যাচে তাদের বিপক্ষে রয়েছে পর্তুগাল।














