মাতেও চাভেজ ও হুলিয়ান কিনিওনেসের ছয় মিনিটের ব্যবধানে করা দুই গোলে চেক প্রজাতন্ত্রকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতেছে মেক্সিকো।

বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৫তম মিনিটে ২২ বছর বয়সী মাতেও চাভেজ গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা এ তরুণের গোলের ছয় মিনিট পর ৬১তম মিনিটে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন হুলিয়ান কিনিওনেস। যোগ করা সময়ে আলভারো ফিদালগো তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান আগেই নিশ্চিত করা মেক্সিকো আগামী মঙ্গলবার এস্তাদিও আস্তেকায় শেষ ৩২-এর ম্যাচ খেলবে। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

এস্তাদিও আস্তেকায় বিশ্বকাপে এখন পর্যন্ত নয় ম্যাচে অপরাজিত মেক্সিকো। আজ ৮০ হাজার ৮২৪ দর্শকে পূর্ণ স্টেডিয়ামে দলটি আরেকটি দাপুটে জয় তুলে নেয়। আস্তেকায় মেক্সিকোর সর্বশেষ পরাজয় ছিল ২০১৩ সালের বিশ্বকাপ বাছাইয়ে। প্রতিপক্ষ ছিল হন্ডুরাস।

ম্যাচটি ছিল মেক্সিকোর ফুটবলের অতীত ও ভবিষ্যতের এক প্রতীকী মঞ্চ। ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে একাদশে নামেন। অন্যদিকে ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৪০ বছর বয়সী গোলরক্ষক গিয়ের্মো ‘মেমো’ ওচোয়া ইতিহাস গড়েন। তিনি বিশ্বকাপের ছয়টি আসরে খেলা তৃতীয় ফুটবলার। এ তালিকায় আরো রয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা থাকা ওচোয়া ১৩ মিনিট খেলে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে মাঠে নামা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডও গড়েন।

তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে বিদায় নিল চেক প্রজাতন্ত্র। অন্যদিকে মেক্সিকো টানা ১১ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে।