বিনোদন মাধ্যমে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে স্ট্রিমিং প্লাটফর্মগুলোর। কভিডে জনপ্রিয় হওয়ার সময় থেকে প্লাটফর্মগুলোর প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে বই কমছে না। এ বছরও ওটিটিতে এসেছে নানা কনটেন্ট। বিশেষত নেটফ্লিক্স, ডিজনি, ডিজনি প্লাস, প্রাইম ভিডিও, হুলু প্রভৃতি প্লাটফর্মের কনটেন্টগুলোর জন্য দর্শকরা অপেক্ষা করে থাকে। এ বছরও এ প্লাটফর্মের কনটেন্টগুলোই সেরার তালিকায় ছিল।
নেটফ্লিক্সে এ বছর বেশকিছু সিনেমা ও সিরিজ এসেছে। একই সঙ্গে এসেছে পুরনো সিরিজের নতুন সিজন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় স্ট্রেঞ্জার থিংসের কথা। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ এটি। টিনএজ দর্শকের একটি বড় অংশ অপেক্ষা করে থাকে সিরিজটির জন্য। এটি বিশ্বের সেরা ওটিটি সিরিজের মধ্যে জায়গা করে নিয়েছে। প্রথম এক মাসে এর ভিউ ছিল ১ দশমিক ৩৫ বিলিয়ন ঘণ্টা। তবে একেও পার করে যাচ্ছে গত ২৩ নভেম্বর মুক্তি পাওয়া ওয়েডনেসডে। ৮৩টি দেশ থেকে দর্শকরা দেখছে এটি। এক সপ্তাহে প্রায় ৩৫ কোটি ঘণ্টা ওয়াচ আওয়ার পেয়েছে ওয়েডনেসডে।
তবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া বৈশ্বিক কনটেন্টটি হলো হাউজ অব দ্য ড্রাগন। গেম অব থ্রোনসের স্পিন অফ সিরিজটি মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টারে। মিডিয়া কনসালট্যান্ট প্রতিষ্ঠান ওরম্যাক্সের হিসাবে এ পর্যন্ত ২ দশমিক ৮২ কোটি ভিউ পেয়েছে এ সিরিজ। নেটফ্লিক্সের সিরিজ মুন নাইট পেয়েছে ২ দশমিক ৩৪ কোটি ভিউ। প্রাইম ভিডিওর লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার ভিউ হয়েছে ২ দশমিক ২ কোটি। হটস্টারে সবচেয়ে বেশি ভিউ পাওয়া সিরিজ হক আই ভিউ হয়েছে ১ দশমিক ৯৩ কোটি।
এ বছর প্রায় একই ধারার দুটো সিরিজ দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দুটোই নেটফ্লিক্সের। মিসরীয় পুরাণের ওপর ভিত্তি করে নির্মিত মুন নাইট এবং নিল গেইম্যানের লেখা থেকে নির্মিত স্যান্ডম্যান। মুক্তির পর তিনদিনে স্যান্ডম্যানের মোট ভিউ এসেছিল প্রায় ৭ কোটি ঘণ্টা। নেটফ্লিক্সের সেরা সিরিজগুলোর মধ্যে স্যান্ডম্যান এখন অন্যতম। সিরিজের ক্ষেত্রে প্রাইম ভিডিওতে লর্ড অব দ্য রিংসের পরে আছে দ্য বয়েজ। এ সিরিজটি তরুণদের মধ্যে অধিক জনপ্রিয়। এছাড়া হুলু হটস্টারের আরো অনেক সিরিজ ও কনটেন্ট দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। কেবল ইংরেজি নয়, অন্যান্য ভাষার কনটেন্টও দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছে।
এ বছর প্রাইম ভিডিওতে স্ট্রিম হয়েছে টিভিএফের সিরিজ পঞ্চায়েত। ২০২০ সালে টিভিএফ থেকে এসেছিল এর প্রথম সিজন। এর মতোই জনপ্রিয়তা লাভ করে অভিষেকের এবারের গল্পটি। নেটফ্লিক্সে এসেছে দিল্লি ক্রাইমের দ্বিতীয় সিজন। ডিজনি প্লাস হটস্টারে এসেছে ক্রিমিনাল জাস্টিসের তৃতীয় সিজন। প্রতিটিই কমবেশি জনপ্রিয়তা পেয়েছে। তবে চমক দিয়েছে দক্ষিণ ভারতের গল্প নিয়ে নির্মিত সুঝল: দ্য ভরটেক্স। প্রাইমে এসেছিল সিরিজটি। প্রাইমে এ বছর আরো এসেছে ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ সিরিজের দ্বিতীয় সিজন। বছরের শেষ দিকে এ সিরিজের মধ্য দিয়ে অভিষেক বচ্চন আবার নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেন। সব মিলিয়ে এ বছর প্রাইম, নেটফ্লিক্স ও ডিজনি প্লাস হটস্টারই সেরা কনটেন্টগুলো উপহার দিয়েছে।










