‘সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠে উচ্চারিত এমন সংলাপ দিয়েই শুরু হলো আলোচিত সিরিজ আকার ট্রেলার।
প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে সিরিজটির ট্রেলার উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও গণমাধ্যমের কর্মীরা। এরপর সন্ধ্যায় হইচইয়ের অফিশিয়াল প্লাটফর্মে প্রকাশ করা হয় ২ মিনিট দীর্ঘ ট্রেলারটি।
আগামী ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাচ্ছে আকা। রহস্য, মানবিক সম্পর্কের টানাপড়েন ও টানটান উত্তেজনায় ভরপুর এ সিরিজ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তার ভাষায়, ‘আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু আকা আমার প্রথম সোশ্যাল থ্রিলার। এর মাধ্যমে দর্শকের সঙ্গে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। মুক্তির পরই এর ফলাফল বোঝা যাবে।’
সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন তিনি। বড় পর্দায় একের পর এক সফল চলচ্চিত্রের পর নিশোর এ প্রত্যাবর্তন ওটিটি দর্শকের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। নিশো বলেন, ‘আমি সবসময় ভালো গল্প ও ভালো প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। আমার কাছে গল্পটাই আসল। আর ভিকি থাকলে তো কথাই নেই। আকা সেই সব ভালোর সমন্বয় ঘটিয়েছে।’
মাসুমা নাবিলা অভিনয় করেছেন মেঘা চরিত্রে, একজন দৃঢ়চেতা ও সাহসী নারী। নাবিলা বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের ভীষণ ভক্ত আমি। আকা দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করি ট্রেলার ও পুরো কাজ দর্শক পছন্দ করবেন।’
ইমতিয়াজ বর্ষণও সিরিজটিতে রয়েছেন সোহেল চরিত্রে। তিনি বলেন, ‘হইচই আমাকে বারবার চমৎকার গল্পে কাজ করার সুযোগ দিয়েছে। ভিকি জাহেদের প্রতিটি কাজেরই একটি সিগনেচার স্টাইল আছে। সে অভিজ্ঞতা পেয়ে আমি কৃতজ্ঞ।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘পরিচালক এখানে একদম ভিন্নধর্মী গল্প বলেছেন। দুর্দান্ত অভিনয়শিল্পীরা সেটিকে আরো সমৃদ্ধ করেছেন। আমাদের বিশ্বাস, সিরিজটি দর্শকের কাছে শুধু বিনোদন নয়, বরং চিন্তার খোরাকও হয়ে উঠবে।’
সিরিজটিতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমিসহ আরো অনেকে।
প্রথম ট্রেলারেই ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে দর্শক। তাদের মতে, নিশোকে এখানে একেবারেই নতুন আঙ্গিকে দেখা যাবে। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।










