সুন্দরবন বাংলাদেশের প্রাণ। ক্ষেত্রবিশেষে রক্ষাকবচ। এ অঞ্চলের আছে নিজস্ব সত্তা। সুন্দরবনের নদীবিধৌত ভূপ্রকৃতির পাশাপাশি সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্য ও মানুষও স্বতন্ত্র। সে বিষয়গুলো নিয়ে কাজ করেছেন শিল্পী মণি মাঝি। তার শিল্পকর্ম নিয়ে আয়োজিত হচ্ছে একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ (‘অদ্বৈত’)। আজ শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
সুন্দরবনের পরিবেশগত ও সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রোথিত ‘নন-ডুয়ালিটি’। প্রদর্শনীতে এ অঞ্চলের নদী, বন, জোয়ার-ভাটা, লবণাক্ত পানি, মাটি, প্রাণী, পৌরাণিক আখ্যান ও লোকবিশ্বাসের মধ্য দিয়ে সহাবস্থান, অভিন্ন স্মৃতি এবং পারস্পরিক সংযুক্তির এক জীবনদর্শন তুলে ধরা হয়েছে। ‘অদ্বৈত’ ধারণার আলোকে প্রদর্শনীটি ধর্মীয় অনুশাসনের গণ্ডি অতিক্রম করে এমন এক জীবন্ত সাংস্কৃতিক দর্শনকে অনুসন্ধান করে, যেখানে বিশ্বাস, পরিচয় ও প্রাণের বিভিন্ন রূপের মধ্যকার বিভাজন ক্রমে অস্পষ্ট হয়ে আসে।










