প্রায় প্রতিটি নির্মাণেই ভিন্নতা নিয়ে আসেন গুণী পরিচালক অমিতাভ রেজা। তার নতুন কাজ নিয়ে থাকে দর্শকের মধ্যে তুমুল আগ্রহ, কৌতূহল থাকে নতুন কাজ দেখার। তাই এ নির্মাতার নতুন কোনো কাজের খবর এলেই আগ্রহ বেড়ে যায় দর্শকমহলে। সে জায়গা থেকে এবার তার দর্শককে উপহার দিলেন পরিপূর্ণ একটি বিনোদনমূলক ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। যার গল্প এগিয়েছে ট্রাক ড্রাইভার ‘আব্বাস’-এর বহুবিবাহের আগ্রহকে কেন্দ্র করে।

৫ জুন হইচইয়ে প্রকাশ পাওয়া সিরিজটি এরই মধ্যে সিক্ত হয়েছে দর্শক ভালোবাসায়। যারাই দেখছেন, তারাই জানাচ্ছেন নিজেদের ভালো লাগার কথা, যা নিয়ে নির্মাতা অমিতাভ রেজাও প্রকাশ করছেন তার হৃদয়ের অনুভূতি।

তিনি বর্তমানে আমেরিকায় আছেন। সেখান থেকে বণিক বার্তাকে বলেন, ‘যারাই সিরিজটি দেখেছে সবার কাছ থেকেই দারুণ সাড়া পাচ্ছি, যা আরো বেশি ভালো লাগার।’

42

অমিতাভ রেজার কথায়, ‘দর্শকের বিভিন্ন রকমের চাহিদা থাকে। তা অনেকে পূরণ করতে পারে না। কিছু গল্পের কিছু চরিত্র অনেক ছোট হয়ে যায় কিংবা দ্রুত গল্প শেষ হয়ে যায়। সে জায়গায় আমার গল্প যে সবাই এত আগ্রহ সহকারে দেখছে, এত আলোচনা করছে, সেটাই আমার জন্য আনন্দের কথা।’

আমেরিকা থেকে তার নির্মিত সিরিজ বোহেমিয়ান ঘোড়া নিয়ে দর্শকের উদ্দেশ্য বলেন, ‘আমি এখানে অল্প কয়েক দিনের জন্য এসেছি। আবার দেশে চলে যাব। দর্শককে বলতে চাই, তারা যেন ইউটিউব বা অন্য কোনো জায়গায় বোহেমিয়ান ঘোড়া না দেখেন। চেষ্টা করবেন অরিজিনাল প্লাটফর্মে সিরিজটি দেখার। যে সিনেমা বা সিরিজ দর্শক দেখবেন, সেটায় যেন দর্শক হিসেবে আপনার কন্ট্রিবিউশন থাকে। যে বিনোদন আমরা বিক্রি করি, সেটা আপনারা দেখেন, কেনেন। যাতে আমাদের পরিচালক-প্রযোজকরা কিছুটা হলেও রিটার্ন পায়।’

এ নির্মাতার প্রতিটি নির্মাণেই থাকে ভিন্নতা। এ নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘আমার নির্মাণে ভিন্নতা থাকে কিনা বলতে পারছি না। যেটা থাকে সেটা হলো আমি গল্পের ওপর ভিত্তি করে সিরিজ নির্মাণ করার চেষ্টা করি। গল্পের যখন নিজস্বতা থাকে, প্রতিটা গল্পেরই তখন ভিন্নতা তৈরি হয়। গল্পের নিজস্বতা না থাকলে, কপি থাকলে সে গল্পে ভিন্নতা থাকে না। যেকোনো গল্পই যখন তার নিজস্ব গল্পের প্রয়োজনে নির্মাণ হয়, তখন এর নিজস্বতা এমনিতেই থেকে যায়। আমি মনে করি না আমার নির্মাণে অভিনবত্ব আছে। যা আছে, তা হচ্ছে গল্প নির্মাণে গল্পের প্রতি সততা বজায় রাখা।’

বোহেমিয়ান ঘোড়ার পর্ব সংখ্যা সাত, যার দৈর্ঘ্য প্রায় ১৭৮ মিনিট। একজন ট্রাকচালক ও তার বিচিত্র জীবনের গল্পে নির্মিত বোহেমিয়ান ঘোড়া। সিরিজে মূল চরিত্র আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।

সিরিজের গল্পে দেখা যাবে, আব্বাস একজন অনাথ ট্রাকচালক। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর সুবাদে আটটি শহরে আটটি আলাদা জীবন গড়ে তোলে সে। প্রতিটি শহরে রয়েছে একজন করে স্ত্রী, যাদের প্রত্যেকেই মনে করে, সে-ই আব্বাসের একমাত্র স্ত্রী।

সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। তারা হলেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। এ রকম মাল্টি কাস্টিং দেশের ওয়েব সিরিজে আগে দেখেনি দর্শক। সিরিজটি ডিজিটাল প্লাটফর্মে সফলতার সঙ্গে চলছে বলেও জানান এ নির্মাতা।