বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক সমরেশ মজুমদার। বহু গল্প ও উপন্যাসের লেখক তিনি। তার গল্পে এসেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, ডুয়ার্সের চা বাগান, নারীর মান ও প্রেম। রাজনীতি, প্রকৃতি পেরিয়ে এগিয়ে থাকে তার অনিমেষ-মাধবীলতা জুটি। বইয়ের পাতা পেরিয়ে সিনেমার পর্দায়ও এসেছে তারা। ঠাঁই করে নিয়েছিল দর্শকের মনে। তবে সমরেশের গল্প থেকে এটিই প্রথম সিনেমা নয়।
সমরেশ মজুমদারের গল্প থেকে প্রথম সিনেমা নির্মিত হয় ১৯৭৯ সালে। তার উপন্যাস ‘দৌড়’ থেকে নির্মিত হয়েছিল সিনেমাটি। শঙ্কর ভট্টাচার্য পরিচালিত দৌড়ে অভিনয় করেছিলেন রুমা গুহঠাকুরতা, অনীল চট্টোপাধ্যায়, বিকাশ রায় প্রমুখ। সিনেমাটি দর্শকের মধ্যে সাড়া ফেলতে পারেনি। এরপর ১৯৯৮ সালে রাজা সেন নির্মাণ করেন ‘আত্মীয় স্বজন’।
সমরেশ মজুমদারের সেরা (সম্ভবত) সৃষ্টি অনিমেষ-মাধবীলতাকে পর্দায় নিয়ে আসেন গৌতম ঘোষ। ২০০৯ সালে তিনি নির্মাণ করেন কালবেলা। অনিমেষ চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মাধবীলতার চরিত্রে পাওলি দাম।
স্বল্প পুঁজির এ সিনেমায় গৌতম ঘোষ সত্তরের রাজনীতি ও অনিমেষ-মাধবীলতার সম্পর্ক তুলে এনেছিলেন। সিনেমাটি বেশ সাদামাটাভাবে নির্মিত। কিন্তু কুশলী পরিচালক হওয়ার কারণে যেটুকু তিনি এনেছেন, তাতে সমরেশের মূল সুরটি ছিল। দর্শকও পছন্দ করেছিল পর্দার অনিমেষ-মাধবীলতাকে।
রাজনীতি ও প্রেমের পাশাপাশি একজন গোয়েন্দাও তৈরি হয়েছে সমরেশের কলমে। তার গোয়েন্দা চরিত্র অর্জুনকে নিয়ে ২০১৩ সালে নির্মিত হয় ‘কালিম্পংয়ে সীতাহরণ’। প্রেম প্রকাশ মোদি পরিচালিত সিনেমাটি অর্জুনের চরিত্রে অভিনয় করেছিলেন ওম ও তার মেন্টর অমল সোমের চরিত্রে ছিলেন সব্যসাচী চক্রবর্তী।
সমরেশ মজুমদারের গল্প থেকে নির্মিত ‘কালবেলা’ ও ‘বুনো হাঁস’ সিনেমা দুটি সবচেয়ে প্রশংসিত। ২০১৪ সালে বুনো হাঁস নির্মাণ করেন অনিরুদ্ধ রায় চৌধুরী। অভিনয় করেছিলেন দেব, শ্রাবন্তী, মৌসুমী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনার পাশাপাশি নিজের নায়কোচিত চরিত্র থেকে বেরিয়ে দেবের অভিনয়ের কারণে সিনেমাটি সাড়া ফেলেছিল। সমরেশের গল্প থেকে এখন পর্যন্ত নির্মিত শেষ সিনেমা ‘জলবন্দী’। পীযূষ সাহা নির্মিত সিনেমাটি ২০২২ সালে মুক্তি পায়।
গল্প থেকে সিনেমা নির্মাণে অনেক সময় মূল গল্পকে ভাঙতে হয়। বিষয়টি সমরেশ খুব একটা পছন্দ করতেন না। তবু তার গল্প থেকে সিনেমা হয়েছে। ভবিষ্যতে আরো হবে। সাহিত্যের মতো সিনেমায়ও তাই বেঁচে থাকবেন সমরেশ মজুমদার।










