হলিউডের সময় যাচ্ছে বেশ ভালো। দুটো সিনেমা দিয়েই অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে বাজার। তবে সেটা বক্স অফিসের হিসাব। মজার ব্যাপার, বক্স অফিসের বাইরেও এখন বিনোদন জগৎ মাতাচ্ছে কিছু প্লাটফর্ম। এর মধ্যে ওটিটি অন্যতম। আগস্টে ওটিটিতে থাকছে বেশকিছু কনটেন্টের সমারোহ। হলিউডের ক্ষেত্রে সিনেমাই বেশি স্ট্রিম হবে আগস্টে। তবে ভারতে থাকছে সিরিজ। পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশের ওটিটিতেও স্ট্রিম হবে কয়েকটি সিরিজ।
হলিউডের সিনেমা এরই মধ্যে স্ট্রিমিং প্লাটফর্মে আসা শুরু হয়েছে। ৩ আগস্ট থেকে স্ট্রিম শুরু হয়েছে সুপার মারিও ব্রোস মুভি। সিনেমাটি হলিউড বক্স অফিসে ১৩০ কোটি ডলার আয় করেছিল। এর মাধ্যমে অ্যানিমেশন সিনেমার ক্ষেত্রে নতুন করে আশা জাগিয়েছিল হলিউড। সিনেমাটি এবার স্ট্রিম হচ্ছে ওটিটি প্লাটফর্ম পিককে। ভিডিও গেম থেকে নির্মিত সিনেমার ধারা হয়তো আবার ফিরে আসবে সুপার মারিও ব্রোস মুভির মাধ্যমে।
মার্ভেলের গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি স্ট্রিম হচ্ছে ডিজনি প্লাসে। জেমস গানের এ সিনেমা নিয়ে হলিউড বক্স অফিসের উচ্চাশা ছিল না। তবে মার্ভেলভক্তরা সিনেমাটি পছন্দ করেছেন আর সে সূত্রে সিনেমাটি বক্স অফিসে ভালো আয়ও করেছে। প্রায় ৮৫ কোটি ডলার আয় করা সিনেমাটি স্ট্রিমিং প্লাটফর্ম থেকেও দেখছেন বহু দর্শক।
তবে সে তুলনায় হতাশ করেছেন ওয়েস অ্যান্ডারসন। সিনেমাটি নিয়ে তার ভক্তদের অনেক আশা থাকলেও তারা অনেকটা হতাশ। অবশ্য তার মধ্যেও এটি আড়াই কোটি ডলার দিয়ে খাতা খুলেছিল। স্কারলেট জোহানসন, টম হ্যাংকম অভিনীত সিনেমাটি ১১ আগস্ট থেকে পিককে স্ট্রিম হবে।
এ তিন সিনেমাই থিয়েটার রিলিজের পর ওটিটিতে আসছে। পাশাপাশি ওটিটিতে গরম গরম মুক্তি পাচ্ছে গাল গাদত অভিনীত ‘হার্ট অব স্টোন’। গালের সঙ্গে এ সিনেমায় দেখা যাবে বলিউড ডিভা আলিয়া ভাটকে। টম হারপার পরিচালিত সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই ব্যস্ত ছিলেন দুই অভিনেত্রী। সিনেমায় তাদের সহঅভিনেতা জেমি ডরন্যান। নেটফ্লিক্সে স্পাই থ্রিলারটি স্ট্রিম শুরু হবে ১১ আগস্ট থেকে।
এ ছাড়াও থাকছে বেশকিছু সিনেমা ও সিরিজ। এর মধ্যে দর্শকের নজর থাকবে নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘ডেপ ভার্সাস হার্ড’। জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের ট্রায়াল ও অন্যান্য বিষয় নিয়ে তথ্যচিত্রটি তৈরি করেছেন একাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত নির্মাতা এমা কুপার। ১৬ আগস্ট থেকে স্ট্রিম হবে এটি। এছাড়া ১১ আগস্ট থেকে নেটফ্লিক্সে দি অ্যামেজিং স্পাইডার-ম্যান টু ও প্রাইম ভিডিওতে ২৫ আগস্ট থেকে স্ট্রিম হবে ডাঞ্জনস অ্যান্ড ড্রাগনস: অনার অ্যামং থিভস।
ভারতের ওটিটিতে দুটি হেভিওয়েট কনটেন্টের পাশাপাশি থাকছে অল্প আলোচিত একটি কনটেন্ট। প্রাইম ভিডিওতে ১০ আগস্ট থেকে স্ট্রিম হবে মেড ইন হেভেন সিরিজের দ্বিতীয় সিজন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল প্রথম সিজন। উচ্চবিত্ত জীবনযাপন, সম্পর্ক ও তার জটিলতা নিয়ে নির্মিত সিরিজটি জনপ্রিয়তার শীর্ষে ছিল। চার বছর পর মুক্তি পাচ্ছে দ্বিতীয় সিজন। মেড ইন হেভেন নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।
এদিকে ১৮ আগস্ট থেকে স্ট্রিম হবে গানস অ্যান্ড গুলাবস। রাজ অ্যান্ড ডিকে পরিচালিত সিরিজে অভিনয় করছেন দুলকার সালমান, রাজকুমার রাও, গুলশান দেভাইয়া ও আদর্শ গৌরব। পুরনো সময়ে গ্যাং ও পুলিশের টক্কর নিয়ে সিরিজের কাহিনী। সিরিজে দুলকারের উপস্থিতি ও রাজ অ্যান্ড ডিকের পরিচালনার কারণে নেটফ্লিক্সের এ সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ বহুদিনের।
তবে এর পাশে খুব একটা আলোচনায় থাকছে না সনি লিভের জেঙ্গাবুরু কার্স। নীল মাধব পাডা ও তার টিম নির্মিত এ কনটেন্ট ভারতের প্রথম জলবায়ু পরিবর্তনবিষয়ক সিরিজ। অভিনয় করছেন নাসের, মকরন্দ দেশপাণ্ডের মতো অভিনেতারা। উড়িষ্যার পটভূমিতে সাজানো হয়েছে সিরিজের গল্প। সনি লিভে সিরিজটি ৯ আগস্ট থেকে স্ট্রিম হবে।
বাংলাদেশের ওটিটিতে প্রথমেই আসছে ‘ভাইরাস’। অনম বিশ্বাস পরিচালিত এ সিরিজে অভিনয় করছেন শ্যামল মাওলা, তারিক আনাম খান, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু প্রমুখ। টিজার দেখে মনে হচ্ছে সিরিজটি অতিপ্রাকৃত ঘরানার। তবে সমাজের জন্য বার্তা থাকছে এতে। ১০ আগস্ট থেকে স্ট্রিম হবে ভাইরাস।
এদিকে একই দিনে বিঞ্জে মুক্তি পাচ্ছে সিদ্দিক আহমেদ পরিচালিত ‘অগোচরা’। মোহাম্মদ নাজিম উদ্দিনের বই অবলম্বনে নির্মিত এ সিরিজে দেখা যাবে আশির দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড। সিরিজে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মোরশেদ মিশু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম প্রমুখ।
মম ও দিনারকে দেখা যাবে হইচইয়ের সিরিজ ‘সাড়ে ষোলো’তেও। ইয়াসির আল হক পরিচালিত থ্রিলার সিরিজটিতে দেখা যাবে আফরান নিশোকে। একটি হোটেল রুমে ঘটা হত্যার সত্য উদঘাটন করা হবে সিরিজে। হইচইয়ে ১৭ আগস্ট থেকে স্ট্রিম হবে ‘সাড়ে ষোলো’।










