ভালোমন্দ মিলিয়েই ২০২৩ পার করেছে হলিউড। তবে এ বছর নতুন কিছু নিয়ে আসবে এমনই আশা করছে সবাই। যদিও বেশকিছু সংকট আছে। যার কারণে পিছিয়েছে সিনেমার মুক্তি। ২০২৪ সালে অনেক সিনেমা মুক্তির কথা থাকলেও হচ্ছে না। তবে যেগুলো মুক্তি পাবে বলে এখনো পরিকল্পনা আছে, তার মধ্যেই থাকছে ভিন্নমাত্রিক বেশকিছু সিনেমা যা দর্শকের পছন্দ হওয়ার পাশাপাশি বক্স অফিসে ভালো ব্যবসা করার সম্ভাবনাও দেখাচ্ছে।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘মিন গার্লস’। এর একটি ব্রডওয়ে সংস্করণ মঞ্চস্থ হয় ২০১৮ সালে। সে নাটক কিছুটা অনুসরণ করে নির্মাণ হয়েছে মিন গার্লস। সিনেমাটি জানুয়ারিতে মুক্তি পাবে। এ দিয়েই শুরু হচ্ছে বছর। তবে আগামী ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় থাকা ‘আরগাইল’ নিয়ে দর্শকের আগ্রহ বেশি। এতে অভিনয় করেছেন দুয়া লিপা, হেনরি ক্যাভিল, জন সিনা, স্যামুয়েল জ্যাকসন ও আরিয়ানা ডিবোস।

ডাকোটা জনসন আসছেন ‘‌মাদাম ওয়েব’ হয়ে। সিনেমাটিতে তার চরিত্র অনেকটাই যেন ‘‌স্পাইডারম্যান’-এর অল্টার ইগো। ডাকোটা এ চরিত্রে কেমন হবেন, তা নিয়ে অনেকের সন্দেহ আছে। তবে সিনেমার ট্রেলারে তার লুক ও অভিনয় ইতিবাচক বার্তাই দিয়েছে। এদিকে একই দিনে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে বব মার্লেকে নিয়ে সিনেমা ‘বব মার্লে: ওয়ান লাভ’। সিনেমায় মার্লের চরিত্রে অভিনয় করেছেন কিংসলে বেন-আদির।

টিমোথি শ্যালামে গত বছর দর্শককে আনন্দ দিয়েছিলেন উইলি ওঙ্কা চরিত্রে। ‘‌চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র প্রিকুয়ালে তিনি হাজির হয়েছিলেন, কিন্তু তার হাজির হওয়ার কথা ছিল ‘ডুন: পার্ট টু’তে। সিনেমাটির মুক্তি পিছিয়েছে। ওয়ার্নার ব্রোস সিনেমাটিকে নিয়ে এসেছে ২০২৪ সালে। ওয়ার্নার ব্রোস ও দেনি ভিলেনোভের এ সিনেমায় এবার যুক্ত হয়েছেন অস্টিন বাটলার। আগামী ১ মার্চ মুক্তি পাবে ভিজুয়াল ইফেক্টকে নতুন করে পরিচয় করানো ডুন।

গত বছর লাইভ অ্যাকশনের পাশাপাশি ভালো আয় করেছিল অ্যানিমেশন। ‘সুপার মারিও ব্রোস মুভি’ বক্স অফিসে বেশকিছু রেকর্ড করেছিল। এবার আসছে ‘কুংফু পাণ্ডা’। এমনিতেই ফ্র্যাঞ্চাইজি সিনেমার বাজার বেশ ভালো। সে কারণে কুংফু পাণ্ডা নিয়েও ইতিবাচক এর নির্মাতারা। তবে আগামী ৪ মার্চ মুক্তি পেতে যাওয়া এ সিনেমা ডুনের সামনে কতটা টিকতে পারবে তা একটা প্রশ্ন। পরের মাসেই আবার আসছে ‘গডজিলা ভার্সাস কং: দ্য নিউ এম্পায়ার’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ এপ্রিল। আগামী মে মাসে থাকছে ‘গারফিল্ড’। ক্রিস প্র্যাট ও স্যামুয়েল জ্যাকসন থাকছেন কণ্ঠে। একই মাসে মুক্তি পাবে ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’। ‘ডেসপিকেবল মি’ থাকছে আগামী জুলাইয়ে।

মে মাসে বক্স অফিসকে চাঙা রাখার সম্ভাবনা ফুরিওসার ওপর। জর্জ মিলার তার ম্যাড ম্যাক্সের আরেকটি সিনেমা নিয়ে আসছেন। ‘ফুরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ আসছে আগামী ২৪ মে। এ সিনেমায় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবেন ক্রিস হেমসওয়ার্থ।

ওয়েস্টার্ন সিনেমার বাজার কমে গেছে হলিউডে। এর মধ্যে অবশ্য বেনেডিক্ট কাম্বারব্যাচকে সামনে রেখে জেন ক্যাম্পিয়ন ২০২১ সালে নির্মাণ করেছিলেন ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এ বছর আগস্টে আসছে কেভিন কোস্টনার পরিচালিত ‘হরাইজন: অ্যান আমেরিকান সাগা’। সিভিল ওয়ারের সময়কার কথা বলবে সিনেমাটি।

তবে এ বছরের বহু প্রতীক্ষিত তিনটি সিনেমার একটি ‘ডেডপুল থ্রি’। পাঁচ বছর পর ফিরছে ডেডপুল। কিন্তু সে একা নয়, ফিরছে উলভারিনের সঙ্গে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটিই সিনেমা মুক্তি পাচ্ছে এ বছর। উলভারিন চরিত্রে বহু বছর পর হিউ জ্যাকম্যানকে দেখার জন্য অপেক্ষা করে আছে দর্শক। এটি মুক্তি পাবে আগামী ২৬ জুলাই।

বছরের শেষটা দুর্দান্ত হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। সেপ্টেম্বরে ট্রান্সফরমার্সে থাকছেন ক্রিস হেমসওয়ার্থ ও স্কারলেট জোহানসন। ৪ অক্টোবর আসছে ‘জোকার: ফোলি আ দ্যু’। ডুন, ডেডপুল ও জোকার এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত। জোকারে অভিনয় করছেন জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা। টম হার্ডি আবার ফিরছেন ভেনম হয়ে। ‘‌ভেনম থ্রি’ মুক্তি পাবে নভেম্বরে।

ছোটবড় আরো সিনেমা থাকছে, যার মধ্যে থাকছে ‘‌কারাটে কিড’, ‘‌সনিক দ্য হেজহগ’ ও ‘‌নসফেরাতু’। তবে বছর শেষ করবেন মূলত রিডলি স্কট, ২৩ বছর পর গ্ল্যাডিয়েটরের ‌ফলো আপ সিনেমা নিয়ে। ‘‌গ্ল্যাডিয়েটর টু’ মুক্তি পাবে আগামী ২২ নভেম্বর। সিনেমাটিতে অভিনয় করছেন পেদ্রো প্যাসকেল, কনি নেলসন, ড্যানজেল ওয়াশিংটন প্রমুখ।