চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়া শাকিল। মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা থেকে সিনেমায় কাজ করার আগ্রহ তৈরি হয় তার; যুক্ত হন ‘অন্যপাতা’য়। প্রডাকশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করলেও শুটিংয়ের প্রথম দিনেই বদলে যায় পরিকল্পনা। সিনেমাটির রাতুল চরিত্রে অভিনয়ের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। আলাদা করে তেমন প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি তিনি। তবে দীর্ঘ দুই বছরের শুটিংয়ে ধীরে ধীরে চরিত্রটির সঙ্গে মিশে যান। প্রথম সিনেমায় অভিনয়, পাশাপাশি প্রডাকশন ডিজাইনারের দায়িত্ব পালন এবং সীমিত বাজেটে কাজ করার অভিজ্ঞতা—সব মিলিয়ে অন্যপাতা শাকিলের কাছে হয়ে উঠেছে এক ভিন্ন অভিজ্ঞতা।
মঞ্চ থেকে বড় পর্দায়
অন্যপাতা শাকিলের প্রথম সিনেমা হলেও অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয় বেশ আগে থেকেই। এইচএসসির পর বিজ্ঞান বিভাগ ছেড়ে নাট্যকলায় ভর্তি হন শাকিল। এরপর থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়া। শাকিল বলেন, ‘এইচএসসির পর বিজ্ঞান বিভাগ ছেড়ে নাট্যকলায় ভর্তি হই। এর পরই অভিনয় শুরু। বিভাগে অন্য কাজের চেয়ে অভিনয়ই বেশি করি। অভিনয় এখন আমার সবচেয়ে পছন্দের কাজ। অনেক দিন মঞ্চে অভিনয়ের পর সিনেমার প্রতি আগ্রহ জন্মেছিল। অন্যপাতায় সে সুযোগ পেয়েছি, শতভাগ কাজে লাগানোর চেষ্টা করেছি।’
প্রথম কাজেই দর্শকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন শাকিল। সিনেমাটি দেখার পর অনেকেই ফোন করছেন। দেখা হলে প্রশংসা করছেন। দর্শকের এমন আন্তরিকতায় মুগ্ধ শাকিল। তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে, খুবই ভালো লাগছে। আমাকে পরিচিত-অপরিচিত অনেকেই মেসেজ দিচ্ছে, নম্বর সংগ্রহ করে ফোন করছে। হলে গেলে দর্শক ছবি তুলছে, জড়িয়ে ধরছে। প্রথম কাজেই এত ভালোবাসা পাব, আশা করিনি।’
যেভাবে হয়ে উঠলেন রাতুল
রাতুল চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি শাকিল। সিনেমাটির শুটিংয়ের প্রথম দিনেই অপ্রত্যাশিতভাবে অভিনয়ের দায়িত্ব নিতে হয় তাকে। শাকিল বলেন, ‘আমি অন্যপাতা টিমে যুক্ত হয়েছিলাম প্রডাকশন ডিজাইনার হিসেবে। শুটিংয়ের প্রথম দিন রাতুল চরিত্রে যে অভিনয় করছিল, তার কাছ থেকে আশানুরূপ অভিনয় পাওয়া যাচ্ছিল না। পরে ওই রাতে টিমের সদস্যদের মধ্যে অডিশন হয়। সেখানে আমি নির্বাচিত হই। আমাদের শুটিং দুই বছর ধরে চলেছে। এ সময় চরিত্রটি বহন করতে করতে আমি চরিত্রের সঙ্গে মিশে গেছি। থিয়েটারের শিক্ষার্থী হিসেবে মেথড অ্যাক্টিংয়ের চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি।’
সিনেমায় রাতুল চরিত্রটি চুপচাপ স্বভাবের। বাস্তব জীবনে শাকিলের স্বভাব এর ঠিক উল্টো। তিনি বলেন, ‘রাতুল চুপচাপ, আর বাস্তব জীবনে আমি এক সেকেন্ডের জন্যও স্থির থাকি না।’
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির নাম অন্যপাতা রাখার পেছনেও রয়েছে ভিন্ন ভাবনা। ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তরুণদের জীবনে যে নতুন অধ্যায়ের সূচনা হয়, সেটিই তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা। শাকিল বলেন, ‘ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। আমাদের গল্পও যেহেতু ভর্তি পরীক্ষা নিয়ে, তাই সিনেমাটির নাম রাখা হয়েছে অন্যপাতা মানে জীবনের অন্য অধ্যায়।’
একসঙ্গে দুই দায়িত্ব
সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করতে হয়েছে তাকে। সীমিত বাজেটের কারণে প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা শুটিং করতে হতো। একই সঙ্গে দুটি দায়িত্ব সামলানো ছিল বেশ চাপের। সিনেমাটি নির্মাণের পেছনে ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। শাকিল জানান, সিনেমার ক্রেডিটে অনেকের নাম একাধিকবার দেখা যাবে। কারণ দলের সদস্যদের একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে হয়েছে।










