গত বছর চমক দিয়েছিলেন মুকেশ আম্বানি। তিনি নিয়ে এসেছিলেন হলিউডের দুই সেনসেশন জেন্ডায়া ও টম হল্যান্ডকে। এবার নতুন করে চমক দিল আম্বানি পরিবার। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং ব্যাশে আম্বানি পরিবার বসিয়েছে তারকাদের হাট। অবস্থা এমন যে যাদের ধরাছোঁয়ার বাইরে মনে করা হয়, প্রযোজকরা চেয়েও সময় নিতে পারেন না তাদেরই যেন এনে নিজের কথায় নাচাচ্ছেন আম্বানিরা। শনিবারের এ অনুষ্ঠানে শাহরুখ খান, কারিনা কাপুর খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন থেকে শুরু করে কে নেই! এমনকি পশ্চিম থেকে উড়িয়ে আনা হয়েছে রিহানাকেও। জামনগরের এ অনুষ্ঠানে তিনি পারফর্ম করেছেন আর তার সঙ্গে পা মিলিয়েছেন আরো অনেকে। 

ভারতে প্রতি বছর প্রচুর অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। সেখানে জমা হন তারকারা। পারফর্ম করেন। ফিল্ম ফেয়ার, আইফা, টয়ফা, মহারাষ্ট্র পুলিশের উমাঙ বাদে অন্যান্য অনুষ্ঠানে সব তারকা যান না। বিশেষত ওপরের সারির তারকাদের কমই দেখা যায়। কিন্তু আম্বানির অনুষ্ঠান মানেই যেন তারকার হাট। অবশ্য আম্বানি পরিবারের জন্য এ ঘটনা নতুন কিছু নয়। ভারতে নানা সময়েই তারকাদের পাশাপাশি বিশ্বের বহু নেতা ও ব্যবসায়ী এ পরিবারের অতিথি হয়েছেন। তবে অনন্ত-রাধিকার বিয়ে যেন পরিণত হলো বিশেষ উৎসবে।

এখানে লক্ষ করার মতো আরো অনেক বিষয় আছে। কিছুদিন আগে অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দির। সেখানেও বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। মনে হচ্ছিল অর্ধেক বলিউড অযোধ্যায়। কিন্তু ছিলেন না শাহরুখ খান, সালমান খানরা। না থাকার একটা কারণ বোঝা যায়—তাদের ধর্মীয় অবস্থান। কিন্তু আম্বানিপুত্রের বিয়েতে সে ফারাকটাও ঘুচে গেল। কেননা এ অনুষ্ঠানের মঞ্চে উঠে শাহরুখ খান সবাইকে অভ্যর্থনা করলেন জয় শ্রী রাম বলে। সবার ওপর ঈশ্বরের করুণা কামনা করে তিনি আম্বানি পরিবারকে পরিচয় করিয়ে দেন উপস্থিত সবার সঙ্গে।

নব্বইয়ের দশকে বলিউডে রাজত্ব ছিল আন্ডারওয়ার্ল্ডের। দাউদ ইব্রাহিম থেকে শুরু করে বহু ছোট-বড় অপরাধীর পয়সা খেটেছে সিনেমায়। শাহরুখ খান সম্পর্কে একটি গল্প প্রচলিত যে তিনি কখনো এদের ভয় করেননি। কিন্তু আম্বানির ক্ষেত্রে মনে হয়, কোনো ডাক প্রত্যাখ্যান করতে পারেন না বলিউডের বাদশাহও। এর আগে শাহরুখ, রণবীরসহ আরো অনেক তারকার একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে সবাই বিনয়ের অবতার হয়ে বসে ছিলেন আম্বানির ঘরে।

উমাঙ ছাড়া প্রায় কোনো অনুষ্ঠানেই যান না আমির খান। কিন্তু অনন্তের বিয়ের অনুষ্ঠানে তিনিও উপস্থিত। মঞ্চে তিন খান একত্রে নাচলেন। নিঃসন্দেহে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল অনন্তের প্রি-ওয়েডিং ব্যাশে। অবশ্য নাচবেন না-ই বা কেন! আম্বানি এখন ভারত ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে এগিয়ে।

রিহানাকে নাচানোর জন্য প্রায় ৭৪ কোটি রুপি সম্মানী দিয়েছেন আম্বানি। ছেলের প্রি-ওয়েডিং ব্যাশে দাওয়াত করেছেন প্রায় ১২০০ অতিথিকে। তার অতিথি তালিকায় আছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই ও ইভাঙ্কা ট্রাম্পসহ আরো অনেকে। এমন হাই প্রোফাইল অনুষ্ঠান এড়ানোর উপায় আসলে বলিউড তারকাদেরও নেই। মজার ব্যাপার, এখন পর্যন্ত আম্বানি বাদে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি এত বড় আয়োজন করতে পারেনি। সে কারণেই আম্বানির এ অয়োজন নিয়ে প্রতিবেদন ও ফলোআপ প্রকাশ করছে রয়টার্স, ওয়াশিংটন পোস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যমও।