জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তার নির্মাণ মানেই ভিন্ন কিছু। গত বছর রোজার ঈদে তার নির্মিত সিনেমা দাগি প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ‘মায়াশালিক’, ‘যদি কিন্তু তবু’, ‘দ্বিতীয় কৈশোর’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এ ওয়েব ফিল্মগুলো দর্শক পছন্দ করেছেন। তিনি বেশকিছু জনপ্রিয় ওয়েব সিরিজও নির্মাণ করেছেন। এগুলো হলো, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ‘চেনা পথের অপরিচিতা’ ও ‘কুহক’। এগুলোও বেশ আলোচিত হয়েছে। এ নির্মাতা এবার নিয়ে এলেন নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এটি আগামী মাস অর্থাৎ আগস্টে বিঞ্জে মুক্তি পেতে পারে বলে বণিক বার্তাকে জানিয়েছেন শিহাব শাহীন। এ সিরিজে প্রথমবারের মতো অভিনয়ে জুটি বেঁধেছেন সংগীত জগতের দুই তারকা প্রীতম হাসান ও জেফার রহমান। প্রীতম ও জেফারকে নিয়ে আলাদাভাবে কাজ করলেও তুমি আমি শুধু ওয়েব ফিল্মে জুটি হিসেবে এ দুই সংগীতশিল্পীকে হাজির করছেন শিহাব শাহীন। ঈদুল আজহার আগেই এর শুটিং শেষ হয়। এখন চলছে এর পোস্ট প্রডাকশনের কাজ। এমনটাই জানিয়েছেন নির্মাতা।
শিহাব শাহীন বণিক বার্তাকে বলেন, ‘কোরবানির ঈদের আগে শুটিং শেষ করেছি। দুই বছর আগেই এ ফিল্মের কাজ করার কথা ছিল। নানা ব্যস্ততার কারণে করা হয়নি। অন্যান্য প্রজেক্ট নিয়ে আমার ব্যস্ততা ও জেফার-প্রীতমের ব্যস্ততা সব মিলিয়ে কাজটা পিছিয়ে গিয়েছিল। অবশেষে কাজটা শেষ হয়েছে।
শিহাব শাহীন ওয়েব ফিল্মটির গল্প নিয়ে বলেন, ‘এটা একটা লাভ স্টোরি। একটি রোমান্টিক জনরার গল্প নিয়ে নির্মিত, সঙ্গে থাকছে কমেডি ড্রামাও। গল্পের বিস্তারিত এখনই বলতে চাচ্ছি না। তবে গল্পটা এ সময়ের তরুণ-তরুণীদের ভাবনার জায়গা থেকে করা হয়েছে। এ সময়ের তরুণ-তরুণীদের মধ্যে যে সমস্যা দেখা যায়, তা নিয়েই এ গল্প।
এ ফিল্মে প্রীতম-জেফারের সংযুক্তি নিয়ে নির্মাতা বলেন, ‘এর আগে দুজনের সঙ্গেই আলাদাভাবে কাজ করার অভিজ্ঞতা আছে। দুজনই বেশ ভালো করেছেন। আমি একটা নতুন কাপল নিয়ে কাজ করতে চেয়েছিলাম। সে কারণেই জেফারকে প্রীতমের সঙ্গে কাস্ট করা হয়েছে। ফিল্মটিতে তারা দুজনই এ যুগের ছেলেমেয়েদের রিপ্রেজেন্ট করেছে। এ ফিল্মে দর্শক তাদের দুজনের চমৎকার রসায়ন দেখতে পাবেন।’
জেফার এর আগে গণমাধ্যমকে বলেন, ‘প্রীতম ও আমি দুজনই গানের মানুষ, খুব ভালো বন্ধু। গানের পাশাপাশি প্রীতম এখন নিয়মিত অভিনয় করছে আর আমি শুরু করেছি। দুজন গানের মানুষ, এবার অভিনয়ে জুটি। এটা আমাদের জন্য একই সঙ্গে চ্যালেঞ্জিং, পাশাপাশি ইন্টারেস্টিং। দুজনের ব্যাকগ্রাউন্ড যেহেতু এক, সেহেতু এখানে একটা ইন্টারেস্টিং কিছুই হবে, এ রকম চিন্তা করেই এ জুটিকে নিয়ে নির্মাতার পরিকল্পনা। নির্মাতা যেহেতু শিহাব শাহীন, সেখানে অবশ্যই ভালো কিছু হবে, এটা বলা যায়।’
এদিকে নির্মাতা শিহাব শাহীন প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন। দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস উদ্ভাবিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করবেন। এতে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলা, প্রার্থনা ফারদিন দীঘি, রুকাইয়া জাহান চমক, নাসির উদ্দিন খান, মামনুন হাসান ইমন ও ইরফান সাজ্জাদকে। পাশাপাশি নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এ নির্মাতা।










