বরাবরের মতো ঈদকে কেন্দ্র করে এবারো নির্মাণ হয়েছে নাটক ও সিনেমা। ঈদ আয়োজনে নির্মাতারা চেষ্টা করেন তাদের সেরা কনটেন্ট দর্শককে উপহার দেয়ার।

ঈদ শেষ হওয়ার এক সপ্তাহ পার হলেও এর আমেজ যেন কাটেনি। এখনো বিনোদন অঙ্গনে চলছে ঈদের আনন্দ। প্রেক্ষাগৃহে চলছে ঈদের সিনেমার প্রদর্শনী। টেলিভিশন ও ডিজিটাল প্লাটফর্মগুলোয়ও প্রচার হচ্ছে নাটক-টেলিফিল্ম ও ওয়েব ফিল্ম।

এবার ঈদের সিনেমা নিয়ে চলছে তুমুল আলোচনা। শাকিব খানের ‘বরবাদ’ রয়েছে বেশ আলোচনায়, আরফান নিশোর ‘দাগি’ সিনেমাটিরও দর্শক সাড়া মিলছে। সেই সঙ্গে রয়েছে সিয়াম আহমেদের ‘জংলি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। এছাড়া ‘অন্তরাত্মা’, ‘জ্বিন-৩’ সিনেমাগুলোও ভালো দর্শক সাড়া পাচ্ছে। বড় পর্দায় যখন দর্শক সমাগম দেখা যাচ্ছে, তখন ছোট পর্দার নাটক নিয়ে নেই তেমন আলোচনা। জানা যায়, এবারের ঈদে টেলিভিশন ও ইউটিউবে তুলনামূলকভাবে অন্যবারের চেয়ে নাটক এসেছে কম।

35

এবারের ঈদ-পরবর্তী সাতদিনে প্রচার হয়েছে শতাধিক নাটক-টেলিফিল্মসহ নানা অনুষ্ঠান। প্রচারের অপেক্ষায় রয়েছে আরো কিছু। গত বছরের ঈদ আয়োজনে যেসব নাটক মুক্তি পায়, সেসব নাটক থেকে বেশকিছু নিয়ে চলে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভালো লাগার নাটক-টেলিফিল্ম নিয়ে মন্তব্য করেন অনেকে। আড্ডায় জমে ওঠে নাটকের ভালোমন্দের বিষয়। তবে এবারের চিত্র একেবারে ভিন্ন।

এবারের ঈদে বড় পর্দা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, সে তুলনায় ছোট পর্দার নাটক নিয়ে আলোচনা একেবারেই ক্ষীণ।

সিনেমা হলগুলোয় সারা বছর দর্শক খরায় কাটলেও এবারের ঈদে জমে উঠেছে হলগুলো। একাধিক সিনেমা টানা হাউজফুল যাচ্ছে ঈদের দিন থেকে। টিকিট পাওয়া যাচ্ছে না কোনো কোনো সিনেমার। বিকল্প উপায়ে চলছে প্রদর্শনী। সিনেমার এ জমজমাট অবস্থা থাকলেও অনেকটা ঢাকা পড়ে গেছে এবারের ছোট পর্দার ঈদ আয়োজন। এবার ঈদে মোশাররফ করিম, অপূর্ব, ফারহান, জোভান, নিলয়, হিমি, তৌসিফ, তটিনী, কেয়া পায়েল, অহনা, আরশ খান, খায়রুল বাসার, ইয়াশ রোহান, সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে অভিনয় করেছেন ঈদের নাটকে। পারিবারিক, রোমান্টিক, কমেডি ঘরানার বেশকিছু ভালো নাটক প্রচারও হয়েছে। কিন্তু আলোচনায় আসেনি বিশেষ কোনো গল্প।

36

তবে ইউটিউবের কয়েকটি নাটক আলোচনায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজের‹‘তোমাদের গল্প’›। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া তোমাদের গল্পে পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরী আলম, মনিয়া আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে দেখা গেছে। আরো অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আমাত। ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পারিবারিক গল্প তুলে ধরা হয়েছে তোমাদের গল্পতে। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নির্মাতা হাসিব হোসাইনের ‹মন দিওয়ানা› দর্শকের মন কেড়েছে।

অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। ফারহান, স্পর্শিয়া ও মীর রাকিব অভিনীত ‹শেষটা তুমি› নাটকটি সাড়া ফেলেছে। নিলয় ও হিমি অভিনীত মহিন খানের ‹টেলিফোনে বিয়ে› নাটকটিও ভালো হয়েছে। অন্যদিকে মাছরাঙা টিভিতে সকাল আহমেদের সাত পর্বের ‹মধুমালা, চ্যানেল আইতে জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব ও নাজনীন নেহা অভিনীত টেলিফিল্ম ‹‘মেঘ বালিকা’› প্রশংসা কুড়িয়েছে।

নানা কারণে টিভি থেকে দর্শক অনেক আগে মুখ ফিরিয়ে নিলেও ঈদের সময় কিছুটা আগ্রহ প্রকাশ করেন। কিন্তু অধিক বিজ্ঞাপন, তারকাশিল্পীদের অনুপস্থিতি, গতানুগতিক গল্প ও ঘুরেফিরে একই মুখের অভিনয়ে দর্শক আগ্রহ দেখাচ্ছে না ছোট পর্দায়।