চমক দিয়ে বছর শুরু করল স্ট্রিমিং প্লাটফর্ম হইচই। তাদের নতুন লাইনআপের ঘোষণা হলো আড়ম্বরপূর্ণ একটি ইভেন্টের মাধ্যমে। হইচইয়ের পরিকল্পনায় থাকা নতুন কনটেন্টের মধ্যে থাকছে বাংলাদেশী নির্মাতাদের আটটি সিরিজ। এরই মধ্যে বাংলাদেশী নির্মাতাদের নির্মিত সিরিজ পশ্চিমবঙ্গসহ ভারতের অন্যান্য অঞ্চলে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। সে ধারাবাহিকতায় হইচই পুরনো সিরিজের নতুন পর্ব আনার সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশের নতুন নির্মাতাদেরও।
চমক থাকছে বেশকিছু। প্রথমত নতুন লাইনআপে দর্শকের ধারণা অনুসারে আসছে জনপ্রিয় সিরিজ কাইজার ও মহানগরের পরবর্তী সিজন। এ নিয়ে আশফাক নিপুণ বলেন, ‘আমরা মহানগর ২-এ কোন গল্পটা বলতে চাই, সেটা ক্র্যাক করা যাচ্ছিল না অনেকদিন ধরে। একটা গল্প শেষমেশ আমরা খুঁজে পেয়েছি। মহানগর ২ সম্পর্কে বলতে পারি, এটি হয়তো মহানগরের চেয়েও বিগার স্কেলের হবে।’
দর্শকের আশা ছিল সাবরিনা নিয়েও ফিরবেন নিপুণ। কিন্তু সাবরিনা আসছে না। আশফাক নিপুণ আরেকটি সিরিজ উপহার দিতে যাচ্ছেন দর্শকদের। ‘এ কমন ম্যান’ শিরোনামের এ সিরিজে মূল চরিত্রে থাকছেন আফরান নিশো। একজন আদর্শ মানুষ লোভে পড়ে কী করতে পারে সে গল্প নিয়ে এ সিরিজ। ঈদুল ফিতরে মহানগর ২ আসবে এবং এরপর কোনো এক সময়ে দেখা যাবে এ কমন ম্যান। আফরান নিশোকে নিয়ে তানিম নূরও ফিরছেন। কাইজারের লেভেল টু আসবে ঈদুল আজহায়। এবারের সিজনে চমক হিসেবে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। তার চরিত্রটি কী তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে ইমতিয়াজ বর্ষণ, আহমেদ রুবেলের সঙ্গে তাকে দেখা দর্শকের জন্য দারুণ অভিজ্ঞতা হবে সন্দেহ নেই।
মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ারের মতো সিনেমার নির্মাতা সানি সানোয়ার যুক্ত হচ্ছেন হইচইয়ে। তিনি নির্মাণ করছেন মিশন হান্টডাউন। অরিজিনাল এ সিরিজে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম, এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত প্রমুখ। হইচইয়ে সিরিজ নিয়ে আসছেন
‘ দেবী ’ খ্যাত অনম বিশ্বাস। এবারো সাহিত্যনির্ভর কনটেন্টেই থাকছেন তিনি। কিঙ্কর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হবে তার সিরিজ। সিরিজের নাম হচ্ছে বইয়েরই নামে।
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নির্মাতা শাফায়েত মনসুর রানা। টেলিভিশনের পর বাংলাদেশের ওটিটির জন্যও কনটেন্ট নির্মাণ করেছেন তিনি। এবার তিনিও যুক্ত হয়েছেন হইচইয়ে। শাফায়েত সাধারণত রহস্য ঘেরা কনটেন্ট নির্মাণ করেন। তার কনটেন্টে রহস্যের সঙ্গে যুক্ত হয় সমসাময়িক নানা বিষয়। আশফাক নিপুণের মতো সরাসরি না হলেও তিনিও প্রশ্ন করেন সিস্টেমকে। এবারো তেমনই সিরিজ নির্মাণ করছেন তিনি। ক্ষমতাবান এক ব্যবসায়ীর গুম হয়ে যাওয়া নিয়ে তার সিরিজ ‘অদৃশ্য’। এখনো অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়নি এ সিরিজের।
‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’র পর হইচইয়ে আবার দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। মশিউল আলমের ‘প্রিসিলা’ অবলম্বনে সিরিজ নির্মাণ করবেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। প্রযোজনায় থাকছেন তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী ও মীর মোকাররম হোসেন। এতে বাঁধনের সঙ্গে অভিনয় করবেন ইন্তেখাব দিনার ও রওনক হাসান।
গত বছরের শেষে দেশীয় ওটিটিতে ফিরেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘মায়াশালিক’ ওয়েবফিল্ম জনপ্রিয় হয়েছিল খুব। এবার হইচইয়ে আসছে অপূর্ব অভিনীত অরিজিনাল সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশু নির্মাণ করবেন সিরিজটি।
হইচই বাংলাদেশের কনটেন্টের ক্ষেত্রে বিশেষ মনোযোগী। এছাড়া তারা তাদের কনটেন্ট বিভিন্ন ভাষায় ডাবিং করে প্রচার করে থাকে। হইচইয়ের সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণুকান্ত মোহতা বলেন, ‘আমরা বাংলাদেশে যাত্রা শুরু করি ২০১৯ সালে, যখন ওটিটি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা এখানে ছিল না। কিন্তু আমরা দেখেছি যে এ দেশ থেকে চমৎকার কনটেন্ট তৈরি হচ্ছে। এ দেশে কাজ শুরু করার পর আমরা দারুণ কিছু কনটেন্ট নির্মাণ করেছি, যা বিশ্বব্যাপী সমাদৃত ও প্রশংসিত হয়েছে। এ কারণে আমরা এ দেশ থেকে আরো আটটি নতুন কনটেন্ট রিলিজ করছি এবং এর সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে।’










