গতকাল মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার প্রিভিউ। ট্রেলারের তুলনায় ছোট ও টিজারের তুলনায় বড় এ প্রিভিউয়ে সিনেমার কাহিনী সম্পর্কে কেবল আভাস দেয়া হয়েছে। তবে দেখা গেছে চরিত্র অনুসারে অভিনেতা-অভিনেত্রীদের লুক। অ্যাটলি কুমারের পরিচালনায় এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও বিজয় সেতুপতি। প্রত্যেককেই দেখানো হয়েছে প্রিভিউতে। ২ মিনিট ১৩ সেকেন্ডের এ প্রিভিউতে ন্যারেশন দিয়েছেন শাহরুখ খান। ফান, পান, বিদ্রূপ, রাগ ও শাহরুখের সিগনেচার হাসি মিলিয়ে একটি কমপ্লিট প্যাকেজ ছিল এ প্রিভিউ। এর মধ্যে তাকে দেখা গেছে চার থেকে পাঁচটি লুকে। প্রিভিউ আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রশংসায় ভাসছেন শাহরুখ খান।

সিনেমার প্রিভিউ প্রকাশ হতে না হতেই শাহরুখের ভক্তরা এটি শেয়ার করতে শুরু করেন। সেটা করারই কথা, তবে পাশাপাশি সিনেমাটির প্রিভিউ নিয়ে উচ্ছ্বসিত বলিউডের নির্মাতারাও। এর মধ্যে করণ জোহর ও সুজয় ঘোষ অন্যতম। প্রিভিউ প্রকাশের কয়েক সেকেন্ডের মধ্যেই সুজয় সেটি শেয়ার করেন। পাশাপাশি টুইটে তিনি লিখেছেন, ‘‌এই শেষের কয়েক সেকেন্ডের পারফরম্যান্স, রীতিমতো শ্বাসরুদ্ধকর। লাভ ইউ শাহরুখ খান।’ তিনি আরো একটি টুইট রিটুইট করেছেন। সেখানে লেখা ছিল, ‘‌ঝুমে জো জওয়ান।’ পাঠানের জনপ্রিয় গান ঝুমে জো জওয়ানের সঙ্গে মিলিয়ে কথাটি বলা হয়েছে। পাঠানের পর জওয়ান আরেকটি ব্লকবাস্টার হবে বলেই ধারণা করছে সবাই। এর মধ্যে করণ জোহরও আছেন।

করণ জোহর তার ইনস্টাগ্রামে লিখেছেন জওয়ান নিয়ে। তিনি লেখেন, ‘‌ভাই!!! এটা একটা বিশাল বড় ব্লকবাস্টার হতে যাচ্ছে। অ্যাটলি আবার একটা কাজের কাজ করেছে। অপেক্ষা করতে ইচ্ছা করছে না আর।’ সিনেমা নিয়ে এসব লেখার পাশাপাশি তিনি গৌরি খান, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি ও অনিরুদ্ধ রবিচন্দ্রকেও ট্যাগ করেছেন। জওয়ানের সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। দক্ষিণের এ সংগীত পরিচালক দক্ষিণে বেশ জনপ্রিয়, তবে গত কয়েক বছরে বলিউডেও তার পরিচিতি বেড়েছে। শ্রোতারা অনিরুদ্ধর সংগীত পছন্দ করেন। শাহরুখের সিনেমায় গান অবশ্যই একটি বড় বিষয় এবং ধারণা করা হচ্ছে সিনেমাটি তার সংগীত পরিচালনার কারণে আরো দর্শককে এর সঙ্গে যুক্ত করবে।

তবে সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু কথাও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখভক্ত ও শাহরুখের বিরোধীরাও সেসব বিষয় তুলে ধরছেন। সিনেমার বেশকিছু দৃশ্য ও লুক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। একটি দৃশ্যে একটি শিশুকে তুলে ধরতে দেখানো হয়, সেটি মিলে যায় বাহুবলীর মতো। চিয়ান বিক্রমের ‘‌অপরিচিত’ সিনেমার একটি লুকের সঙ্গেও শাহরুখের মুখোশ পরা দৃশ্যের ছবি মিলিয়ে দেখানো হচ্ছে। পুরো শরীরে ব্যান্ডেজ বাঁধা শাহরুখকে মনে হচ্ছে মার্ভেলের মুননাইট সিরিজের খোনসুর মতো।

অ্যাটলি ও শাহরুখ একটি বাণিজ্যিক সিনেমা নির্মাণ করছেন, এতে কোনো সন্দেহ নেই। আর তার জন্য যা যা করা প্রয়োজন তা করছেন। সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখাই যাচ্ছে। ৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে সিনেমার প্রিভিউর ভিউ প্রায় ৮০ লাখ (হিন্দি, তামিল, তেলেগু মিলিয়ে) ছাড়িয়েছে। শাহরুখের ফেসবুক পেজে প্রিভিউটি দেখেছে প্রায় ২০ লাখ দর্শক। শেয়ার হয়েছে ৫০ হাজারেরও বেশিবার। এর মধ্যে বেশির ভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক।

জওয়ানে নারী চরিত্রদের বেশ লাইমলাইট দেয়া হবে, প্রিভিউ তা বলছে। লাল শাড়ি পরে দীপিকার অ্যাকশন এরই মধ্যে পছন্দ করছেন দর্শক। নয়নতারাকে দেখা গেছে গ্ল্যামারাস দৃশ্যে। পাশাপাশি শাহরুখের অ্যাকশন অবতারও চোখে পড়ার মতো। সিনেমা পাঠানের মতোই অ্যাকশনে ভরপুর। তবে সবচেয়ে অবাক করেছে শাহরুখের ন্যাড়া মাথা। বিষয়টি অবশ্যই মেকআপ দিয়ে করা, কিন্তু চুলহীন শাহরুখকে কখনো দেখেনি দর্শক। সিনেমায় তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। এর মধ্যে ন্যাড়া চরিত্রটিই খল বলে ধারণা করছেন দর্শক। শাহরুখ তার ন্যারেশনেই বলেছেন, ‘‌আমি ভিলেন হয়ে এলে কোনো হিরো সেখানে দাঁড়াতে পারে না।’ এখন শাহরুখ কতজনকে হারিয়ে দেন, তা দেখা যাবে যাবে আগামী ৭ সেপ্টেম্বরের পর।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে