ঈদের অনুষ্ঠানমালায় দ্রুতই নিজেদের জায়গা করে নিয়েছে ওটিটি প্লাটফর্মগুলো। বিশ্বে ওটিটি জনপ্রিয় হয়েছে প্রায় বছর চারেক আর বাংলাদেশে ওটিটির যাত্রা বছর তিনেকের। এরই মধ্যে প্লাটফর্মগুলো বিচিত্র স্বাদের অনুষ্ঠান নিয়ে হাজির হয়। এ বছর ঈদুল আজহায় আসছে বেশকিছু কনটেন্ট। এর মধ্যে প্রধান অরিজিনাল সিরিজ ও ওয়েবফিল্ম। তবে এবারের ঈদুল আজহার আয়োজন দেখে বোঝাই যাচ্ছে প্লাটফর্মগুলো গুরুত্ব দিয়েছে অরিজিনাল সিরিজের প্রতি। বেশ কয়েকটি অরিজিনাল সিরিজ আসছে ওটিটিতে। এর মধ্যে চরকিতে আসছে মারকিউলিস, বিঞ্জে আসছে শরীফুল রাজ অভিনীত ইনফিনিটি টু। এছাড়া হইচইয়ে আসছে বিদ্যা সিনহা মিম ও এফএস নাঈম অভিনীত সিরিজ মিশন হান্টডাউন।
এবার বাংলা ওটিটিতে আসন্ন ওয়েব সিরিজ নিয়ে বলতে গেলে প্রথমেই আসে মারকিউলিসের নাম। চরকির ব্যানারে আসছে তারকাবহুল সিরিজ মারকিউলিস। আবু শাহেদ ইমন পরিচালিত এ সিরিজে দেখা যাবে বাংলা সিনেমা ও টিভি নাটকের বহু পরিচিত মুখ। এর মধ্যে আছেন সাবেরী আলম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, জাকিয়া বারী মম, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, আইশা খান প্রমুখ। এছাড়া এ সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে সাবিলা নূরের।
চমক হিসেবে আছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। প্রথমবারের মতো অভিনয় করলেন তিনি। মারকিউলিস নিয়ে এর পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এর অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এ গল্পের ধরন মৌলিক। এ সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনে কাজটা হয়েছে।’ সিরিজটি চরকিতে স্ট্রিম হবে ২৮ জুন থেকে।
এর পরই আসে শরীফুল রাজ অভিনীত সিরিজ ইনফিনিটি টু। ২০২০ সালে ইনফিনিটি সিরিজ মুক্তি পেয়েছিল। এই ঈদে ইনফিনিটি টু আসছে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। সিরিজটি স্ট্রিম হবে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে।
ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। ‘ইনফিনিটি সিজন টু’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এবারের গল্পটা আরো স্পেসিফিক। গত সিজনের বেশকিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার লং টেকের ব্যবহার করেছি আমরা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবে দর্শক।’ ওয়েব সিরিজটি নিয়ে শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’
হইচইয়ে স্ট্রিম হবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ নির্মিত সিরিজ ‘মিশন হান্টডাউন’। ২৮ জুন স্ট্রিম হতে যাওয়া সিরিজটিতে মুখ্য ভূমিকায় থাকছেন বিদ্যা সিনহা মিম ও এফএস নাঈম। এ সম্পর্কে জানতে চাইলে মিম বলেন, ‘ট্রেলারে দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি অত্যন্ত অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এ ভালোবাসা সিরিজটি রিলিজের পরও দেখাবেন।’










