ঢাকাই সিনেমার সুদিন ফিরতে চলছে্, এটা বলাই যায়। কারণ একটা সময় দেশের সিনেমা নিয়ে দর্শকের মধ্যে তেমন আগ্রহ ছিল না। ভালো সিনেমা না থাকায় দর্শকও বিনোদনের খোরাক হিসেবে বেছে নিতেন বিদেশী কনটেন্ট। আশার কথা হলো গত কয়েক বছরে যৌথ প্রযোজনা কিংবা দেশীয় মেধাবী পরিচালকরা নির্মাণ করছেন আন্তর্জাতিক মানের সিনেমা। এবারের ঈদও সিনেমাময়।
ঈদে মুক্তির তালিকায় থাকা বেশ কয়েকটি সিনেমার পোস্টার, ট্রেলার-টিজার ও গান এরই মধ্যে প্রকাশ হয়েছে, যা সিনেমাগুলোর প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে শুরু থেকেই আলোচনায় রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। শুটিং শুরু করা থেকেই আলোচনায় ছিল এ সিনেমা। আলোচনায় ছিল এর গানও। সিনেমাটির ট্রেলার-টিজার মাতিয়েছে দর্শককে। গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশ পায় বরবাদ সিনেমার টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটিতে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে। ১৪ মার্চ সন্ধ্যা ৭টায় রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার প্রথম গান দ্বিধা। কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?’-এমনই রোমান্টিক কথার গানটির কথা লিখেছেন ইনামুল তাহসীন। গানটি কম্পোজ করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। কোরিওগ্রাফিতে আদিল শেখ।›
দুই বছর পর এ ঈদে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। তার প্রথম সিনেমা সুড়ঙ্গ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। সুড়ঙ্গর পর দীর্ঘ বিরতি দিয়ে এবার আসছে ‘দাগি’ নিয়ে।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘একটুখানি মন’। যেখানে গানে গানে ফুটে উঠেছে এক প্রেমের গল্প। ১ মিনিট ৪২ সেকেন্ডের এ গানের ভিডিওতে সিনেমার নতুন কিছু দৃশ্যও পাওয়া যায়। যেখানে আফরান নিশো ও তমা মির্জার দেখা মিলল রোমান্টিক মুডে। শুধু তাই নয়, কিছু ভিন্ন লুকও প্রকাশ পেয়েছে কিছু দৃশ্যে। এরই মধ্যে গানটি বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে। ২৪ ঘণ্টা না পেরোতেই এর ভিউ ৮০ হাজার ছুঁই ছুঁই। সাদাত হোসেনের লেখা ও সাজিদ সরকারের কম্পোজিশনে গানটি গেয়েছেন তাহসান ও মাশা।
পোস্টার, ট্রেলার-টিজার ও গানে চমক ছড়িয়েছে এম রাহিমের ‘জংলি’। ১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে দাড়ি, চুল, চোখে সানগ্লাস পরা এক ভিন্ন লুকে হাজির হয়েছেন সিনেমার নায়ক সিয়াম আহমেদ। ১৩ ফেব্রুয়ারি টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে জংলি সিনেমার গান জনম জনম। রোমান্টিক ঘরানার এ গানে সিয়ামের সঙ্গে দীঘির রসায়ন মন জয় করতে শুরু করেছে ভক্তদের। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা। সংগীতায়োজনে ইমরান মাহমুদুল।
আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া জুটির সিনেমা জ্বীন থ্রি। বিভিন্ন সময়ে একাধিক পোস্টার প্রকাশের পর সোমবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমাটির গান‹কন্যা। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানের দৃশ্যায়নে ফুটে উঠেছে বাঙালি বিভিন্ন উৎসবের ছাপ। গানে রঙের ছড়াছড়িতে সজল ও ফারিয়ার প্রাণবন্ত নাচ মুগ্ধ করেছে সবাইকে।
একাধিক পোস্টার প্রকাশ করে আলোচনায় মোশাররফ করিম অভিনীত সিনেমা ‹চক্কর ৩০২›। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ হয়েছে সিনেমার অভিনব কৌশলের একটি ভিডিও ক্লিপ। এতে আরো অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। এছাড়া ঈদে মুক্তির তালিকায় থাকা আরো কয়েকটি সিনেমার টিজার-ট্রেলার, গান অবমুক্ত না হলেও পোস্টার প্রকাশ হয়েছে। শিগগিরই সিনেমাগুলোর টিজার-ট্রেলার, গান অবমুক্ত হবে। এবারের ঈদে মুক্তি পাওয়া সব সিনেমাই দর্শকের প্রত্যাশা পূরণ করবে, এমনটাই ভাবছেন সিনেমাসংশ্লিষ্টরা।










