আগামী বছর মার্চে বসছে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসর। প্রতি বছরের মতো এবারো অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বের বহু সিনেমা। সঙ্গে থাকছেন পরিচালকরা। ৯৬তম অস্কারের জন্য বেশকিছু সিনেমা নিয়ে এখনই কথা হচ্ছে। তারা পেতে পারে সেরা সিনেমার পুরস্কার। পাশাপাশি আলোচনায় আছেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরাও। সে তালিকায় আছেন মার্টিন স্করসেসি, ক্রিস্টোফার নোলান, ব্র্যাডলি কুপার, গ্রেটা গেরউইগ, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিলিয়ান মারফি, এমা স্টোন, লিলি গ্ল্যাডস্টোনের নাম। প্রত্যেকেই তাদের এ বছরের পারফরম্যান্স দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। সমালোচকদের প্রশংসা পেয়েছেন। সে কারণে সহজেই ধারণা করা যাচ্ছে ৯৬তম অস্কারের প্রতিদ্বন্দ্বিতা হবে শক্ত ও বহুমুখী।
এবার অস্কারের ক্ষেত্রে সেরা সিনেমার দাবিদার অনেক। তালিকায় আছে ‘আমেরিকান ফিকশন’, ‘বারবি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘মে ডিসেম্বর’, ‘ওপেনহাইমার’, ‘অরিজিন’, ‘পুওর থিংস’ ও ‘পাস্ট লাইভস’। এর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন ও ওপেনহাইমারের মধ্যে। ফ্লাওয়ার মুন পরিচালনা করেছেন মার্টিন স্করসেসি এবং ওপেনহাইমার পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ওসেজ মার্ডার অবলম্বনে তৈরি স্করসেসির ফ্লাওয়ার মুনকে ‘ফাইনেস্ট সিনেমা’ বলে রায় দিয়েছেন সমালোচকদের অনেকে। এর মধ্যে আবার ২০২৩ সালের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। রবার্ট ওপেনহাইমারের জীবনীনির্ভর এ সিনেমা নিয়েও প্রশংসার শেষ নেই।
তবে এবার সেরা সিনেমা নিয়ে একটা চমকেরও আশা দেখা যাচ্ছে। এ বছর গ্রেটা গেরউইগ পরিচালিত বারবি দারুণ সাড়া ফেলেছিল। সিনেমাটি আয় করেছে বিলিয়ন ডলার। তাছাড়া দর্শকের একাংশও একে নিয়ে উচ্ছ্বসিত। যদিও পপুলার সিনেমা অস্কারে খুব একটা পাত্তা পায় না তবে বারবি পেয়েও যেতে পারে। এছাড়া ব্র্যাডলি কুপারের মায়েস্ত্রো নিয়েও আছে সম্ভাবনা।
সে সম্ভাবনা থেকেই সেরা পরিচালকের পুরস্কার পাওয়ার দাবিদার হচ্ছেন ব্র্যাডলি কুপার। তিনি সিনেমাটিতে অভিনয়ও করেছেন। সে কারণে অভিনেতা হিসেবেও তাকে এগিয়ে রাখা হচ্ছে। তবে ৯৬তম অস্কারে পরিচালকের ক্ষেত্রে প্রতিযোগিতা হবে মূলত মার্টিন স্করসেসি ও ক্রিস্টোফার নোলানের
মধ্যে। দুজনই সিনেমার কিংবদন্তি, দুজনই অসাধারণ তাদের কাজে। এ নিয়ে আবার অনেকের ধারণা দুজনের একজনের সিনেমাকে সেরা ও অন্যজনকে সেরা পরিচালকের পুরস্কার দিয়ে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবে অস্কার কমিটি। তবে সেরা পরিচালক যে দুজনের একজন হচ্ছেন তা অনেকটা নিশ্চিত।
এবার আসা যাক সেরা অভিনেতা বিভাগে। এখানেও আছে সব বড় বড় নাম এবং সবাই সম্ভাবনাময়। তবে মূল প্রতিযোগিতা হবে তিনজনের মধ্যে—লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাডলি কুপার ও কিলিয়ান মারফি। লিও অভিনয় করেছেন স্করসেসির কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনে। মারফি অভিনয় করেছেন ওপেনহাইমারে ও ব্র্যাডলি কুপার মায়েস্ত্রোয়। অস্কার বিশ্লেষকদের ধারণা হচ্ছে এ পুরস্কার কুপারই জিতে নেবেন। কেননা মায়েস্ত্রোয় সংগীতকার লেনার্ড বার্নস্টেইনের চরিত্রটি চমৎকার ফুটিয়ে তুলেছেন তিনি। যদিও ওপেনহাইমারের চরিত্রে অভিনয়ের জন্য মারফির দাবি অনেক বেশি। কিন্তু ধারণা করা হচ্ছে সেরা সিনেমা ও পরিচালক পুরস্কার দুটি ফ্লাওয়ার মুন ও ওপেনহাইমারের ঘরে যাওয়ার কারণে সেরা অভিনেতার পুরস্কার এর বাইরে যাবে।
পুওর থিংসে অভিনয় করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছেন এমা স্টোন। এ কারণে অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে তিনি এগিয়ে থাকছেন। এছাড়া ক্যারি মুলিগানকে মায়েস্ত্রোয় অভিনয়ের কারণে রাখা হচ্ছে হিসেবে। থাকছেন স্যান্দ্রা হুলার ও এলিস টেইলর। তবে কাটা বারবার ঘুরে যাচ্ছে
লিলি গ্ল্যাডস্টোনের দিকে। তিনি অভিনয় করেছেন কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমায়।
সেরা অভিনেতার পুরস্কার এ সিনেমা থেকে না হলে সেরা অভিনেত্রী হবে বলেই ধারণা।










