একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২২ সালের অস্কারের শর্টলিস্ট প্রকাশ করেছে। অস্কারে কারা মনোনীত হবে, কারা পুরস্কার পেতে পারে এ নিয়ে বহু জল্পনা-কল্পনাই চলছিল। এবার শর্টলিস্ট সে জল্পনা-কল্পনায় রাশ টানার পাশাপাশি দিয়েছে নতুন আলোচনার সুযোগ। বিশ্বখ্যাত ম্যাগাজিন, সিনেমা সমালোচক ও অস্কার বিশেষজ্ঞরা কয়েক মাস ধরে অস্কারের সম্ভাব্য দাবিদার নিয়ে যে আলোচনা করছিলেন বা যাদের যোগ্য মনে করছিলেন, তাদের কেউ কেউ শর্টলিস্টে আছেন আবার কেউ কেউ নেইও। এগিয়ে যাওয়া ও পিছিয়ে পড়ার এ খেলার মধ্যে কিছুটা হলেও আশার আলো রয়েছে দক্ষিণ এশিয়ার জন্য। কেননা ভারত ও পাকিস্তানের সিনেমা, তথ্যচিত্র ও গান রয়েছে অস্কারের এ সংক্ষিপ্ত তালিকায়।
তালিকাটিতে বেশকিছু চমক আছে। যেমন গানের ক্ষেত্রে এগিয়ে আছেন রিহানা ও লেডি গাগা। দৌড়ে পিছিয়ে নেই সেলেনা গোমেজ ও টেইলর সু্ইফট। তবে জনপ্রিয় ধারায় মনে করা হচ্ছে এবার গানের জন্য পুরস্কৃত হতে পারেন রিহানা। ওয়াকান্ডা ফরএভার সিনেমায় ‘লিফট মি আপ’-এর জন্য ‘অরিজিনাল সং’ বিভাগে মনোনীত হতে পারেন তিনি। এ বিভাগেই চমক দিয়েছে আরআরআর। এসএস রাজামৌলি খুব চেষ্টা করছিলেন তার সিনেমাটিকে অস্কারের নানা বিভাগে প্রমোট করতে। জোর প্রচারণা ছিল ভিজুয়াল ইফেক্ট শাখায় মনোনয়ন পাবে এটি। কিন্তু তা না পেলেও অরিজিনাল সং বিভাগে রিহানা, টেইলর সুইফট, লেডি গাগাদের গানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আরআরআর সিনেমার ‘নাটু নাটু’। অস্কারের এটি অন্যতম মূল বিভাগ। সেদিক থেকে বলা যায় অনেকটা এগিয়ে গিয়েছে আরআরআর। কেননা এ বছর শর্টলিস্ট থেকে বাদ পড়েছে বিলি আইলিশের মতো তারকার গান।
অন্যদিকে ডকুমেন্টারি ফিচার বিভাগে জায়গা করে নিয়েছে শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’। ফিচার ডকুমেন্টারিটি এর আগে সানডান্স ও কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছিল। শর্টলিস্টে জায়গা করে নেয়ায় শৌনক তার প্রতিক্রিয়া জানান দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে। তিনি বলেন, ‘এ স্বীকৃতি লাভে আমরা আনন্দিত। এর মধ্য দিয়ে সিনেমার পরবর্তী যাত্রার জন্যও অপেক্ষা করছি।’ এ কথার সঙ্গে সঙ্গেই ভারতের সিনেমা অস্কার দৌড়ে এগিয়ে থাকার বিষয়টি নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। কেননা ‘ডকুমেন্টারি শর্ট’ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছে ‘দি এলিফ্যান্ট হুইসপারস’।
কার্তিকি গনজালভেস পরিচালিত এ তথ্যচিত্রে ভারতের একটি অংশের কথা উঠে এসেছে। সেখানে এক দম্পতি কীভাবে একটি হাতির যত্ন করে, সে গল্পের মধ্য দিয়ে মানুষ, মানবিকতা ও প্রকৃতির কথা বলেছেন তিনি। অন্যদিকে ‘ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার’ বিভাগে জায়গা করে নিয়েছে পান নলিনের ‘ ছেল্লো শো’ (দ্য লাস্ট ফিল্ম শো)। সিনেমাটি মূলত নলিনের দেখা ‘সিনেমার বদলে যাওয়া’র গল্প। সেটি তিনি নিজের মতো করে বলেছেন। সিনেমাটি নিয়ে একটি অভিযোগ ছিল যে নলিন মূলত সিনেমা পারাদিসো থেকে অনুপ্রাণিত হয়ে ছেল্লো শো নির্মাণ করেছেন। এর বাইরে অন্য কিছু কারণেও বিরোধিতার শিকার হয়েছেন তিনি। নিজ দেশ থেকেই পেয়েছেন হুমকি। তাকে সিনেমা প্রত্যাহারের চাপও দেয়া হয়েছিল। কিন্তু নলিন তা করেননি। এটি ভারতের দর্শকরা পছন্দও করেছেন। অস্কারের শর্টলিস্টে জায়গা করে নেয়ার মাধ্যমে মূলত সিনেমা ও তার যোগ্যতাই প্রমাণ হলো। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লগান’ সিনেমার ২০ বছর পর ইন্টারন্যাশনাল ফিচারে শর্টলিস্টেড হলো কোনো ভারতীয় সিনেমা।
ভারতের এ চার সিনেমা অস্কারের শর্টলিস্টে জায়গা করে নেয়ার পাশাপাশি সবচেয়ে বড় চমক দিয়েছে পাকিস্তান। সাইম সাদিক নির্মিত জয়ল্যান্ড শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচারের শর্টলিস্টে। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। কিন্তু পাকিস্তানেই কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছিল এটি। অবশ্য সিনেমা সংশ্লিষ্টদের চেষ্টায় এর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলাও হয়েছিল। সিনেমার এ সাফল্য উদযাপন করছেন জয়ল্যান্ডে যুক্ত সবাই। ১০ বছর আগে পাকিস্তানে অস্কারের জন্য সিলেকশন কমিটি তৈরি করা হয়। সে কথা উল্লেখ করে এ কমিটির প্রধান, অস্কারজয়ী নির্মাতা শারমিন ওবেইদ চিনয় সিনেমার টিমকে অভিনন্দন জানিয়েছেন। জয়ল্যান্ডের গল্প ও নির্মাণ প্রশংসিত হয়েছে পাকিস্তান ও এর বাইরে। সে সূত্রে সিনেমাটি নিয়ে আশাবাদী অনেকেই।
অন্যদিকে ভারত থেকে দুটি তথ্যচিত্রের পাশাপাশি ফিচারের জন্য বেস্ট ইন্টারন্যাশনাল ফিচারে ‘ ছেল্লো শো’-এর সম্ভাবনা রয়েছে। ভিএফএক্সের জন্য এগিয়ে যেতে না পারলেও অরিজিনাল সং বিভাগে আরআরআর এগিয়ে থাকছে অনেকটা। এমনই মনে করে ভ্যারাইটি। এছাড়া বিভিন্ন দেশে আরআরআরের জনপ্রিয়তা ও বিভিন্ন পুরস্কার জয়ও রাজামৌলির সিনেমাটির পুরস্কার জয়ের সম্ভাবনা তৈরি করছে। সব মিলিয়ে অস্কারের তালিকায় বহুদিন পর দক্ষিণ এশিয়া এতটা জায়গা করে নিতে পেরেছে। এখন চূড়ান্ত তালিকার অপেক্ষা। ২৫ জানুয়ারি প্রকাশ হবে এ তালিকা।










