ঢাকাই সিনেমার বাজার এখন যেন মৌসুমি উৎসবের মতো হয়ে দাঁড়িয়েছে। ঈদ এলেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামে, জমে ওঠে সিনেমার বাজার। কিন্তু বছরের বাকি সময় নতুন সিনেমার অভাবে অধিকাংশ প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে থাকে। যে কয়টি চালু থাকে, সেগুলোর ভরসা কেবল পুরনো সিনেমার প্রদর্শনী। মাঝেমধ্যে নতুন কিছু সিনেমা মুক্তি পেলেও মান ও দর্শকপ্রিয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবু প্রতিবারই নতুন সিনেমার অপেক্ষায় আশায় বুক বাঁধেন হল মালিকরা। এ পরিস্থিতিতে চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন সিনেমা। অনেক আগেই সিনেমাগুলো মুক্তির কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে পরিস্থিতি বিবেচনায় এবার আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাগুলো। কিন্তু এ সিনেমাগুলো কি পারবে ইন্ডাস্ট্রির ভাগ্যের চাকা ঘোরাতে? এখন সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।

ঈদের পর ধারাবাহিক ব্যর্থতা

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। ঈদে দর্শক কিছুটা হলেও হলে ফিরেছিল, কিন্তু তার পরই শুরু হয় মন্দা। জুলাইয়ে মুক্তি পায় দুটি সিনেমা—‘অন্যদিন’ ও ‘আলী’। আগস্টে আসে ‘উড়াল’ ও ‘জলরঙ’। কিন্তু কোনো সিনেমাই ব্যবসায়িকভাবে দাঁড়াতে পারেনি। দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সিনেমাগুলোকে বলা যায় পুরোপুরি ফ্লপ। এমন হতাশাজনক পরিস্থিতিতে চলতি মাসেই মুক্তি পাচ্ছে আরো কয়েকটি সিনেমা। এরই মধ্যে মাসের শুরুতে মুক্তি পায় ‘ডট’ ও ‘আমার শেষ কথা’। এছাড়া গতকাল মুক্তি পায় ‘নন্দিনী’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ফেরেশতে’, ‘বাড়ির নাম শাহানা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘সাবা’।

‘ডট’: ইংরেজি ভাষার সিনেমা

৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইংরেজি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডট’। তরুণ নির্মাতা বড়ুয়া সুনন্দা কাঁকনের পরিচালনায় নির্মিত এ সিনেমা নারী পাচার ও সংগ্রামের গল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। পুরো সিনেমা ইংরেজি ভাষায় শুট করা হলেও দর্শকদের সুবিধার্থে সংযোজন করা হয়েছে বাংলা সাবটাইটেল। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট দীর্ঘ এ সিনেমায় গ্রামীণ বাস্তবতা, নারী নির্যাতন, প্রতিরোধ ও সমাজের অন্ধকার দিক ফুটিয়ে তোলা হয়েছে। অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, স্মৃতি বিশ্বাস পরী, মিষ্টিমনি, সোনিয়া পারভিন শাপলা, কথা চৌধুরীসহ অনেকে। পরিচালক বিশ্বাস করেন, গল্পের শক্তিই হবে সিনেমাটির আসল প্রাপ্তি।

‘আমার শেষ কথা’: নিষিদ্ধ থেকে মুক্তি

33

নারায়ণগঞ্জের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মোহাম্মদ ইসলামের ‘আমার শেষ কথা’ মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর। জয় চৌধুরী ও কাজী জারা অভিনীত এ সিনেমায় দেখানো হয়েছে এক যুবকের ভয়াবহ পতন, যিনি মানুষ পাচার করেন এবং শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেও পাচার করতে দ্বিধা করেন না। তবে একটি ঘটনার পর পাল্টে যায় তার জীবন। সেন্সর সমস্যার কারণে একসময় সিনেমাটি নিষিদ্ধ হয়েছিল। পরে নতুনভাবে কিছু দৃশ্য ধারণ করে মুক্তির অনুমতি মেলে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেবেকা, সুব্রত, রিনা খান প্রমুখ।

‘নন্দিনী’: দীর্ঘ প্রতীক্ষার অবসান

32

দুই বছরের অপেক্ষার পর গতকাল দেশের ২৬টি হলে মুক্তি পায় ‘নন্দিনী’। শোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় নির্মিত সিনেমাটি বাংলাদেশের লেখক পরিতোষ বাড়ৈর উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে। হার না মানা এক তরুণীর সংগ্রামের কাহিনী ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। নাজিরা মৌ প্রধান চরিত্রে, আর সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া আছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইলোরা গহরসহ অনেকে। সিনেমাটির মুক্তি নানা কারণে আটকে ছিল—রাজনৈতিক অস্থিরতা, কোটা আন্দোলন, এমনকি মহামারী করোনাও দেরি করিয়েছে।

‘বাড়ির নাম শাহানা’: নারীর জয়গান

১৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে লীসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমাটির কাহিনী নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল মফস্বল শহরের প্রেক্ষাপটে। কেন্দ্রীয় চরিত্র দীপা, যিনি বিচ্ছেদের পর সমাজের বাধা মানতে চান না, নিজের মতো করে বাঁচতে চান। এ চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। আরো আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা প্রমুখ। সিনেমাটি এরই মধ্যে লন্ডন, মুম্বাইসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। নির্মাতা বলছেন, ‘এটি দুঃখের গল্প নয়, বরং জীবনের জয়গান।’

অপেক্ষায় ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

34

দুর্গা পূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পেলেও নানা কারণে এতদিন আটকে ছিল সিনেমাটি। আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া অভিনীত এ সিনেমায় রোমান্টিক কাহিনীর পাশাপাশি রয়েছে পারিবারিক আবেগ। পরিচালক আশা করছেন, ‘উৎসবের মৌসুমে সিনেমাটি হলে দর্শক ফিরিয়ে আনবে।’

‘ফেরেশতে’: যৌথ প্রযোজনার চলচ্চিত্র

‘ফেরেশতে’ সিনেমা তিন বছর অপেক্ষার পর ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে। জয়া আহসান ও সুমন ফারুকের প্রযোজনায় তৈরি বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার এ সিনেমার পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বর্ণনা করে।

সিনেমাটি গতকাল মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে দিনক্ষণ পেছানো হয়েছে। ‘ফেরেশতে’ ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও দেখানো হয়েছিল। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে সিনেমাটি।

জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ।

‘সাবা’: দ্বিতীয়বারের মতো বড় পর্দায় মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। যদিও এর আগে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ হলে মুক্তি পায়। এবার ‘সাবা’ নিয়ে দ্বিতীয় বারের মতো মেহজাবীন বড় পর্দায় হাজির হচ্ছেন। মাকসুদ হোসাইনের পরিচালনায় নির্মিত সিনেমাটি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দর্শক ফিরবে তো?

ঢালিউডের বাজার এখন একেবারে অনিশ্চয়তার পথে হাঁটছে। প্রযোজকরা সাহস করছেন না নতুন সিনেমায় বড় বাজেট ঢালতে, আবার দর্শকও হলে যাচ্ছে না মানসম্মত কন্টেন্টের অভাবে। এমন বাস্তবতায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়া সিনেমাগুলো ইন্ডাস্ট্রিকে কতটা প্রাণ ফেরাতে পারে সেটিই বড় প্রশ্ন। সিনেমাগুলোর কাহিনী ও নির্মাণ নিয়ে আশা থাকলেও বক্স অফিসে সফলতা না এলে হয়তো আবারো থমকে যাবে ঢালিউড।