ওটিটি প্লাটফর্ম এ প্রজন্মের দর্শকদের পছন্দের জায়গা। গত দুই বছর ধরে দেশীয় ওটিটিতে আসছে নতুন নানা কনটেন্ট। সে ধারাবাহিকতায় এবারো নানা পরিকল্পনা আছে প্লাটফর্মগুলোর। বঙ্গ, বায়োস্কোপ, বিঞ্জ, চরকি, দীপ্ত প্লে নিয়ে আসছে অরিজিনাল সিরিজ, ওয়েব ফিল্ম ও ফ্ল্যাশ ফিল্ম। টেলিভিশন ও ইউটিউব চ্যানেলের নাটকের তুলনায় সংখ্যায় কম হলেও লাইনআপ দেখে বোঝা যায় তাদের সঙ্গে বেশ ভালোই টেক্কা দেবে ওটিটি। আর সে তালিকায় আশফাক নিপুণের মহানগর ২ শুরুতেই থাকবে।

আশফাক নিপুণ পরিচালিত মহানগর ২০২১ সালে মুক্তি পায়। ঢাকা শহরের এক ক্ষমতাবানের দাপট ও তাকে অপরাধের শাস্তি দিতে চাওয়া পুলিশ অফিসারের গল্প মহানগর। ওসি হারুনের চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। চরিত্রটি দর্শক মহলে এত জনপ্রিয় হয়, যা হয়তো কেউই শুরুতে ভাবেনি। চরিত্রটি এখন একটি কাল্ট হয়ে উঠেছে। ওসি হারুনের রহস্য ও তার নানা গল্প জানতে দর্শক অপেক্ষা করে আছে অনেকদিন। দর্শকের সে আগ্রহে সাড়া দিয়ে গল্পটি নিয়ে আসছেন নিপুণ।

ঈদকে সামনে রেখে মহানগর ২-এর স্ট্রিম শুরু হবে। আগামী ২০ এপ্রিল হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। মহানগর ২ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয়। এ চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা ও পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার ও পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সিজন-২-এর গল্পে এমন কিছু পাওয়া যাবে, যা আগে কখনো কেউ দেখেনি। আমার বিশ্বাস, ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠছে, তা দর্শকরা অবশ্যই পছন্দ করবে।’

তবে এবার সবচেয়ে বেশি আলোচনায় আছেন অ্যালেন স্বপন। বাংলাদেশের সিরিজে চরকি ও শিহাব শাহীন উপহার দিয়েছেন ভিন্নধর্মী চরিত্র। গত বছর ঈদুল আজহায় চরকিতে মুক্তি পেয়েছিল শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’। সিরিজটির অন্যতম চরিত্র অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা, পূর্বসূত্রে রহস্যের সম্ভাবনা চরিত্রটিকে জনপ্রিয় করেছিল। এর পাশাপাশি অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় দর্শকের ভালো লেগেছিল। তাকে নিয়ে তৈরি হয়েছিল অসংখ্য মিম। সে অ্যালেন স্বপনের গল্প নিয়ে শিহাব শাহীন আনছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চরকিতেই স্ট্রিম হবে সিরিজটি। এবার নাসির উদ্দিনের সঙ্গে যুক্ত হয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। সব মিলিয়ে দর্শকের নজর এখন এ সিরিজে।

সিরিজ নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তিনি অনেক ভেবে-চিন্তে কাজ করেন।’ এছাড়া নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে আমার নিজের কোনো মিল নেই। তবে চরিত্রটা আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এ স্বপনকে আরো বিস্তারিত জানা যাবে। মিথিলা স্থির-ঠাণ্ডা মাথার অত্যন্ত ভালো একজন সহশিল্পী। আর সব মিলিয়ে পুরো টিম ছিল দুর্দান্ত। কাজটা ভালোভাবে শেষ করে দর্শকের কাছে গেলেই আমরা আনন্দ পাব।’

ঈদ উপলক্ষে তবে ঈদের অনেক আগেই মুক্তি পেয়েছে বিঞ্জের ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’। নির্মাতা সামিউর রহমানের প্রথম ওয়েব ফিল্ম কুহেলিকা। অভিনয়ে ছিলেন শাফায়েত মনসুর রানা, নাজিয়া হক অর্ষা, সাফা কবির, ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর ও শরীফ সিরাজ। বর্তমান সময়ের মানুষের সম্পর্ক, সমস্যা, উচ্চাকাঙ্ক্ষার বিষয়গুলো উঠে এসেছে সিনেমার গল্পে। ক্রাইম থ্রিলার ঘরানার ফিল্মটি স্ট্রিম শুরু হওয়ার পর থেকেই দর্শকের মনোযোগ পেয়েছে। গল্পে একটা টেনশন ছিল, যা দর্শককে পুরোটা সময় ধরে রেখেছে।

কেবল দর্শক নয়, ফিল্মটি ধরে রেখেছিল এর নির্মাতা ও কলাকুশলীদেরও। সামিউর রহমান এ নিয়ে বলেন, ‘গল্পটা এমন যে আমরা প্রায় এক সপ্তাহ সারা রাত শুটিং করেছি, সবাই গল্পটার সঙ্গে মিশে গিয়ে কাজ করেছি, আমার কখনো মনে হয়নি, আমি প্রথম ফিকশন শুটিং করছি।’ ঈদের বেশ আগে মুক্তি দেয়ার বিষয়টিও নতুন। সেদিক থেকে বলা যায় নির্মাতাসহ সিনেমাটির অনেক কিছুই নতুন।

বিঞ্জে আরো থাকছে সিনেমা ‘মেইড ইন চিটাগং’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমাটি ওটিটিতে নিয়ে আসছে বিঞ্জ। রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় রূপকথা প্রডাকশনসের ব্যানারে নির্মিত সিনেমা মেইড ইন চিটাগং। চাঁদরাত থেকে স্ট্রিমিং হবে সিনেমাটি।

মুক্তি পাওয়া সিনেমা ওটিটিতে আনার তালিকায় আরো থাকছে বায়োস্কাপ। ঈদ উপলক্ষে তারা আনছে ‘ব্ল্যাক ওয়ার’। সানি সানোয়ার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মনোজ প্রামাণিক, মজনুন মিজান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। মিশন এক্সট্রিমের সিকুয়ালটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এ বছর জানুয়ারিতে।

ওয়েব ফিল্মের মতোই এবার ওটিটিতে থাকছে ফ্ল্যাশ ফিকশন। দীপ্ত প্লে নিয়ে আসছে ‘শহরে অনেক রোদ’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এবার তিনি খায়রুল বাসার ও সাবিলা নূরকে নিয়ে নির্মাণ করেছেন শহরে অনেক রোদ। থাকছেন তানিয়া আহমেদ ও নাদের চৌধুরী। ঈদের দিন থেকে স্ট্রিম হবে শহরে অনেক রোদ।

আরিয়ান মূলত বাস্তবের গল্প সুন্দর করে বলেন। মিষ্টি প্রেমের গল্পেও তার জুড়ি নেই। শহরে অনেক রোদও সে ধারার ফিল্ম।

ওটিটির অন্যতম আকর্ষণের জায়গা অরিজিনাল সিরিজ। বাংলাদেশের ওটিটি প্লাটফর্মগুলো এখনো সিরিজ আনতে পারছে না সেভাবে। তবে এ ঈদে দুটো সিরিজ আসছে। এর মধ্যে বঙ্গ আনছে একটি। সিরিজের নাম ‘হোটেল রিল্যাক্স’। কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিজে অভিনয় করছেন পূর্ণিমা। তাকে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের একজন অফিসার হিসেবে দেখা যাবে। সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহের বেশকিছু জায়গা রয়েছে। প্রথমত এ সিরিজ পরিচালনা করছেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন কী আনছেন তিনি, তা নিয়ে দর্শকের আগ্রহ থাকাই স্বাভাবিক। অন্যদিকে পূর্ণিমা হতে যাচ্ছেন এ সিরিজের এক্স ফ্যাক্টর।

সিরিজে পূর্ণিমার অভিনয় নিয়ে অমি বলেন, ‘গল্পটা পূর্ণিমা আপুকে বলতেই তিনি কনফিডেন্টলি গ্রহণ করলেন ও আমাকে অনুপ্রাণিত করলেন। পুলিশ অফিসারের চরিত্রে তিনি মানিয়ে গেছেন। পূর্ণিমা আপু ব্রিলিয়ান্ট পারফর্মার। শুটিংয়ে তিনি ভীষণ সাপোর্ট দিয়েছেন। দিন পেরিয়ে মধ্যরাত পর্যন্ত আন্তরিকভাবে সময় দিয়েছেন। শুটিংয়ের আগে অ্যাকশন দৃশ্যের জন্য তিনি ট্রেনিং করেন। তার ডেডিকেশনে আমিসহ শুটিংয়ের পুরো টিম মুগ্ধ হয়েছি।’

অরিজিনাল সিরিজ, ফ্ল্যাশ ফিল্ম, স্পিন অফ— লাইনআপ দেখে মনে হচ্ছে, সব মিলিয়ে এবার কনটেন্ট কিছুটা কম হলেও প্রায় প্রতিটি কনটেন্ট নিয়েই দর্শকের আগ্রহ থাকছে তুঙ্গে।