একাডেমি অ্যাওয়ার্ডসের তালিকা নিয়ে সবসময়ই আগ্রহ থাকে। আর বেশির ভাগ সময়ই মনোনয়নের মূল তালিকায় থাকে কিছু চমক। অস্কারের ৯৫তম আয়োজনের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আগের সব আলোচনার তুলনায় ভিন্ন রকম তালিকাই প্রকাশ করেছে অস্কার কমিটি। মনোনীত সিনেমা, অভিনেতা-অভিনেত্রী, গান—সব ক্ষেত্রেই রয়েছে চমক। কেউ আহ্লাদে আটখানা হচ্ছেন আর কারো জন্য মন খারাপের কারণ হয়েছে এ তালিকা। মঙ্গলবার রাতে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ ও আমেরিকান অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস। 

চূড়ান্ত মনোনয়নে চমক দিয়েছে ‘‌এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্টের সিনেমাটি মনোনয়ন পেয়েছে ১১টি বিভাগে। এ আসরে এত মনোনয়ন আর কোনো সিনেমা পায়নি। সাই-ফাই ঘরানার সিনেমাটি কয়েক মাস ধরে অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছে। ফলে সিনেমাটির প্রতি আলাদা করে মনোযোগ দিয়েছে অস্কার কমিটি। কেননা এতদিন যে সিনেমাগুলো (দ্য ফেবলম্যানস, দ্য ব্যানশিস অব ইনিশেরিন, টার, দ্য হোয়েল ইত্যাদি) নিয়ে আলোচনা হচ্ছিল সেসব সিনেমা এত বিভাগে মনোনীত হয়নি। আবার বাফটার মনোনয়নের পর দেখা যাচ্ছে জার্মান সিনেমা অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টও মনোনীত হয়েছে সেরা সিনেমার তালিকায়। এমনকি এসেছে জেমস ক্যামেরন পরিচালিত অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার।

 সেরার দৌড়ে অস্কারের চূড়ান্ত তালিকায় আছে নয়টি সিনেমা। সে তুলনায় সেরা অভিনেতার তালিকা ছোট। অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, ব্রেন্ডন ফ্রেজার, পল মেসকালের সঙ্গে এ তালিকায় আছেন বিল নাই। এবারের সেরা অভিনেতার ক্ষেত্রে অনেকেই ব্রেন্ডন ফ্রেজারের নামে বাজি ধরতে রাজি। কেননা তার ফেরাটা স্মরণীয় করে রাখার এর চেয়ে ভালো উপায় নেই। তাছাড়া এ সিনেমার জন্য নিজেকে যেভাবে ভেঙে নতুন করে গড়েছেন ফ্রেজার তার জন্য অস্কারের সেরা অভিনেতা ঘোষণা করা যেতে পারে বলেই তারা মনে করেন। সেরা অভিনেত্রীর তালিকায় আছেন কেট ব্ল্যানচেট, আনা দে আরমাস, আন্দ্রেয়া রাইজবরো, মিশেল উইলিয়ামস ও মিশেল ইয়ো। কেট ও ইয়োর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সেরা সিনেমার মতো আগ্রহের জায়গা সেরা পরিচালক। দ্য ব্যানশিস অব ইনিশেরিনের জন্য মার্টিন ম্যাকডনা ও দ্য ফেবলম্যানসের জন্য স্টিভেন স্পিলবার্গ এগিয়ে আছেন। দুজনের কোনো একজন পুরস্কারটি পাবেন বলেই মনে করেন অস্কার বিশেষজ্ঞ ও মিডিয়াগুলো। তবে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে একটা নতুন মোড় আসতে পারে। অবশ্য একটি হাইপোথিসিস দাঁড় করানো হচ্ছে—দ্য ব্যানশিস অব ইনিশেরিন ও দ্য ফেবলম্যানসের একটি সেরা সিনেমা ও অন্যটি সেরা পরিচালকের পুরস্কার লাভ করবে।

তবে এখন পর্যন্ত অবস্থা থেকে যা বোঝা যাচ্ছে, অস্কারের দৌড়ে দ্য ব্যানশিস অব ইনশেরিন, দ্য ফেবলম্যানস, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্সও টার এগিয়ে থাকছে। কোনো না কোনো বিভাগে একটি করে পুরস্কার এ সিনেমাগুলো পেয়ে যাচ্ছে এমনটাই মনে করছেন সবাই। কিন্তু অস্কার শেষ পর্যন্ত চমক দেয়। সেক্ষেত্রে এখনই কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না।

তবে স্লামডগ মিলিয়নেয়ারের পর আবার আশায় বুক বাঁধছে ভারত। বহু জল্পনা-কল্পনার পর এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমার ‘‌নাটু নাটু’ গানটি ‘‌সেরা মৌলিক গান’ বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করল। এর আগে বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে সিনেমাটি। সর্বশেষ গোল্ডেন গ্লোবে একই বিভাগে পুরস্কৃত হয় নাটু নাটু। সে কারণে ধারণা করা হচ্ছে এবার সেরা মৌলিক গানের অস্কার ভারতে আসতে পারে। এজন্য অবশ্য এমএম কিরাবানিকে লেডি গাগা, রিহান্নার মতো জনপ্রিয় শিল্পী ও সুরকারদের টেক্কা দিতে হবে। এছাড়া আছে একাডেমি অব মোশন পিকচার্সের নানা বিচার-বিশ্লেষণ। তাই মোটের ওপর বলা যায়, সেরা হতে এখনো প্রত্যেককেই অনেকটা পথ পাড়ি দিতে হবে।