নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও অবৈধ কারখানা বন্ধসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন এবং ঘেরাও কর্মসূচি পালন করেছে জেলা বিড়ি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। গতকাল বেলা ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন শেষে ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার বরাবর ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখিত দাবিগুলো হলো নকল বিড়ি ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বন্ধ, অবৈধ বিড়ি কারখানা বন্ধ, বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, অনলাইনে লাইসেন্স দেয়া বিড়ি মালিকদের থেকে রাজস্ব আহরণ, শ্রমিকদের সপ্তাহে ছয়দিন কাজের ব্যবস্থা এবং তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রান্তিক ব্যবসায়ী ও দোকানিদের পরিবর্তে শুধু পরিবেশকদের লাইসেন্সের আওতায় আনা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।