পারিবারিক বিরোধের জেরে পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় ভগ্নিপতি বিশাল রায়কে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বড় ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সকাল ৭টার দিকে ওই এলাকার হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত বিশাল পাবনা পৌর শহরের অনন্ত বাজার দক্ষিণ রাঘবপুর মহল্লার উত্তম রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত বিশালের স্ত্রীর বড় ভাইয়ের নামও বিশাল। পেশায় তারা দুজনই সুইপার। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ ছিল। এরই জেরে গতকাল সকালে ভগ্নিপতি বিশাল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে হরিজন কলোনির সামনে তার সম্বন্ধি বিশালের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভগ্নিপতি বিশালকে কুপিয়ে ফেলে পালিয়ে যায় তার সম্বন্ধি। স্থানীয় লোকজন আহত বিশালকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রেখেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। জড়িতকে ধরতে অভিযান চলছে।