নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠন করা ৬ সদস্যের তদন্ত কমিটি। রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ও তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদসহ কমিটির অন্যান্য প্রতিনিধি কারাগার পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী, কারা কর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে যুগ্ম সচিব ফারুক আহমেদ বলেন, নরসিংদী জেলা কারাগারে হামলার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেকটাই সম্পন্ন হয়েছে। তাছাড়া বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি। প্রয়োজনে সময় বৃদ্ধির আবেদন করা হবে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামীম ইকবাল প্রমুখ।
এদিকে, রোববার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হচ্ছে নরসিংদীর চলাফেরা। অফিস আদালত খোলায় সাধারণ মানুষের চাঞ্চল্য এবং গণপরিবহনের আধিক্য লক্ষ করা গেছে। তবে শহরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারে বাড়তি নিরাপত্তায় স্থাপন করা হয়েছে বিজিবি ক্যাম্প।










