পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, হাওরবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার দরদ বেশি। হাওরবাসীর কথা চিন্তা করেই সরকার টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন, যা একসময় এ অঞ্চলের মানুষ চিন্তাই করতে পারত না। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকারপ্রধান শেখ হাসিনা। দেশের যা উন্নয়ন করেছেন তা ইতিহাস গড়ার মতো। এসব উন্নয়ন আর কোনো সরকার করতে পারেনি।

গতকাল দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিরাপদ পানি সরবাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ, অবহেলিত গ্রাম-গঞ্জে রাস্তা-ঘাট, যেখানে যোগাযোগ ব্যবস্থা নেই সেখানে সেতু-কালভার্ট দিয়ে ভরপুর। এসব কল্পনাই করতে পারেনি গ্রামের মানুষ। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে এবং গ্রাম-গঞ্জের মানুষকে সব ধরনের উন্নয়নকে গুরুত্ব দিয়েছে

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার নারীবান্ধব। তিনি নারীদের খুব সম্মান করেন। তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজ আপনাদের মাঝে যে টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হচ্ছে তার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। টিউবওয়েলের পানি আশপাশের মানুষদের দেবেন, বাধা দেবেন না; কারণ পানি আল্লাহর নিয়ামত। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনও বিতরণ করছে সরকার। শুধু টিউবওয়েল নয়, কয়েক দিন পর পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি পৌঁছে দেয়া হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন। কোনো চিন্তার কারণ নেই, সরকার সবসময়ই আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে।