বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে পারলে সাফল্য অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গতকাল শনিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুরে মুজিববর্ষের শতঘণ্টা মুজিবচর্চা কর্মসূচির সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। যদি আমরা তাকে না পেতাম তাহলে আমাদের পরাধীন জাতি হিসেবে থাকতে হতো। ইনি হলেন সেই বঙ্গবন্ধু তাকে যদি আমরা বুকে ধারণ করে রাখতে পারি তাহলেই আমরা সাফল্য অর্জন করতে পারব।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের সেই বক্তব্য একটার পর একটা ভাষা, একটার পর একটা শব্দ এবং কীভাবে অনবদ্য কবিতার মতো তিনি বলে গেলেন। একেই বলে বাঙালি। যারা মাথা নত করতে জানে না। আমরা জাতির পিতার সেই আদর্শ, জাতির পিতার সেই প্রতিচ্ছবি আমাদের বুকে ধারণ করতে পারলে তখনই আমরা সার্থক হবো।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় বিভাগের উপপরিচালক মোজাহিদুল ইসলাম, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।










