পৃথক দুটি ঘটনায় ১২ ঘণ্টার ব্যবধানে পাবনা শহর ও ঈশ্বরদীতে দুই যুবলীগ কর্মী খুন হয়েছেন। গতকাল সকালে ঈশ্বরদীর রূপপুর মোড়ে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে রোববার রাতে পাবনা শহরের খেয়াঘাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন যুবলীগ কর্মী তুষার হোসেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে ওয়ালিফ হোসেন মানিকের হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মানিক ২০২৩ সালে মনা নামের এক ছাত্রলীগ কর্মী হত্যার মামলার আসামি। তিন সপ্তাহ আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। মানিকের পরিবার জানায়, গতকাল আদালতে তার হাজিরা ছিল। আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তার ওপর হামলা হয়।

অন্যদিকে পাবনা শহরের খেয়াঘাটে ছুরিকাঘাতে নিহত হন তুষার হোসেন। তিনিও একটি হত্যা মামলার আসামি। ২০২৩ সালে এম অ্যাকাডেমির দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম হত্যা মামলায় কারাগার থেকে জামিনে বের হন তুষার। তুষার হত্যার ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।