ক্যারিবীয় দ্বীপ বার্বাডোসে গত ১৯ মার্চ থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস শীর্ষক জলবায়ু বিষয়ক সম্মেলন। পৃথিবীর স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশগ্রহণ করছে বাংলাদেশের ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট পাবলিক হেলথ স্কুল এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের তিনজন নারী জলবায়ু গবেষক। বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু গবেষকদের সঙ্গে তারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) কানেক্টিং ক্লাইমেট মাইন্ডসে বাংলাদেশের তিনজন গবেষক রউফা খানম, শারমীন নাহার নীপা এবং ওয়াফা আলম দক্ষিণ এশিয়ার জলবায়ু সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।

আজ শুক্রবার (২২ মার্চ) বার্বাডোস সময় সকাল দশটায় গবেষকদল বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোকপাত করবেন। 

এ সম্পর্কে জলবায়ু গবেষক রউফা খানম বলেন, কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ু সম্পর্কে সবাইকে অবগত করার একটি বড় প্ল্যাটফর্ম। কোলাবোরেটিভ এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।

জলবায়ু গবেষক শারমীন নাহার নীপা ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা নিরসনে পুরো পৃথিবীর মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের অন্যতম একটি মাধ্যম হিসেবে কাজ করছে কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস। বিশ্বের অনেক খ্যাতনামা গবেষকদের সঙ্গে নিজেদের জ্ঞান বিনিময়ের জন্য এ মাধ্যমটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা শারমীন নাহার নীপার।