মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। নির্বাচিতদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাদের ফ্লাইট শুরু হতে পারে।
রবিবার (৮ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-তে কর্মী নিয়োগের জন্য গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ সময়ের মধ্যে আবেদন করেন ৪ হাজার ২৯ জন। তাদের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে লটারি করে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। তাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই গ্রুপের প্রতিনিধিরা। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মী শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
এ উপলক্ষে আজ প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। এছাড়া বোয়েসেল পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরো ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে। এসব কর্মীর মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে তারাও শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









