আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়ার শিবনগরে দুই দেশের শূন্য রেখায় রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হতাশার কথা জানান। 

রেলমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে জুনের মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সময়ের মধ্যে সেটা হবে না। ঠিকাদার বলেছে জুনের মধ্যে রেললাইন বসানোর কাজ শেষ করতে পারবে। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্যান্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি হবো। তবে সেটাও না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।  এ কাজ বাস্তবায়নের জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আশা করছি শিগগির প্রকল্পটি বাস্তবায়ন হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেল মন্ত্রণালয়ের পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তার।