সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের বহিষ্কার ও প্রহসনমূলক রুটিন বাতিলের দাবিতে আন্দোলন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৬ আগস্ট) অভিযুক্ত শিক্ষকদের প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আজ সকাল ১০টা থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব প্র্যাকটিস ও ক্লাস বর্জন করে কলেজের একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী নীরবতাও পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৬ মে তাদের আন্দোলনে বহিরাগতরা হামলা চালিয়েছিল। তারা হামলাকারী ও তাদের মদদদাতা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু চার মাস পার হলেও অভিযুক্ত শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাদের অবিলম্বে বদলি বা অপসারণ না করা হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।

স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার তারা ক্লাস বর্জন ও বিক্ষোভ করে অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছেন। আজ অভিযুক্ত তিন শিক্ষককে লাল কার্ড প্রদর্শন, চোখে লাল কাপড় বেঁধে নীরবতা পালন ও একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।