টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক। গতকাল সকাল থেকে বৃষ্টির পানি জমে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। মৌসুমি বায়ু সক্রিয় থাকা ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় বৃষ্টিপাত হয়েছে বলে দাবি আবহাওয়া অধিদপ্তরের।
গত শুক্রবার রাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ৭৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বরিশাল নদীবন্দরে ১ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, ‘সকাল থেকে ১৫ এবং ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। কোথাও ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগেও বাতাস বয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে নগরীতে পানি জমার কথা না। নগরীর ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমতে পারে।
এদিকে রাস্তায় পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। জলাবদ্ধতার কারণ হিসেবে নগর কর্তৃপক্ষকে দুষছেন নগরবাসী। তারা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে না।
বরিশাল নগরীর বগুড়া রোডের বাসিন্দা সালাউদ্দিন জানান, সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় বগুড়া রোড। সিটি করপোরেশন নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়।
নগরীর কালিবাড়ী রোডের বাসিন্দা মাহমুদ চৌধুরী বলেন, ‘এত বৃষ্টি হয়েছে অথচ নদীতে পানি নেই। কিন্তু বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে। এর মূল কারণ নিষ্কাশন ব্যবস্থা ভালো না। তা না হলে যে পানি জমেছে তা নেমে যেত। কিন্তু পানি নামতে পারছে না।’










