খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দুই শিশু সন্তানের নমুনা সংগ্রহকারী ইপিআই টেকনোলজিস্টও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর মৃত ওই ব্যক্তির ২ শিশু সন্তান করোনা পজিটিভ হলেও তার স্ত্রী করোনা নেগেটিভ হয়েছেন।

আজ বৃহস্পতিবার খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপসা উপজেলার ইপিআই টেকনোলজিস্টের বাড়ি ফকিরহাটে। তিনি রূপসা উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক কোয়ার্টারে থাকতেন। তার স্যাম্পল সংগ্রহ করে আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার জন্য পাঠানো হয়। বিকেলে তার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। ওই টেকনোলজিস্ট ইতোপূর্বে রূপসায় করোনায় মৃত ব্যক্তির ২ শিশু পুত্রের স্যাম্পল সংগ্রহ করেছিলেন। 

তিনি বলেন, আমাদের ব্যাবস্থা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েই তিনি স্যাম্পল সংগ্রহ করেছিলেন। কিন্তু তাতেও ওই ইপিআই টেকনোর শেষ রক্ষা হয়নি। তিনি জানান, এখন তাকে রাতেই খুলনার করোনা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেন, বৃহস্পতিবার খুলনার ল্যাবে ৫৯টি স্যাম্পল পরীক্ষা করা হয়। যার মধ্যে একজনের পজিটিভ শনাক্ত হয়েছে। 

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত খুলনার ল্যাব থেকে ১ হাজার ২০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হল।