পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। আজ রোববার (১৮ আগস্ট) নিজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

এছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল এবং রেজিস্ট্রার অধ্যাপক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছে উপাচার্যের কার্যালয়।

চলতি বছরের ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। চক্ষু রোগী ও বিশেষজ্ঞদের কাছে সুপরিচিত নাম ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলিম মেমোরিয়াল অ্যাওয়ার্ডও লাভ করেছেন এই চিকিৎসক।